প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ১১:৩৯ এএম
সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে হজ ও উমরাহ ব্যবস্থাপনা উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে দুই দেশ একমত হয়েছে। এর ফলে বাংলাদেশি হজ ও উমরাহ যাত্রীদের সেবায় নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।
সোমবার (৩০ মার্চ) সৌদি আরবের মদিনায় অবস্থিত কিং সালমান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থানীয় সময় সকাল ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সৌদি হজ ব্যবস্থাপনার বিভিন্ন অগ্রগতি তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে হজ ও উমরাহ ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। প্রযুক্তির ব্যবহার ও আধুনিকায়নের মাধ্যমে এ খাতে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এ জন্য সৌদি সরকারের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান ধর্মমন্ত্রী।
দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও ধর্মীয় বন্ধনের ওপর প্রতিষ্ঠিত। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং হজ-উমরাহসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে হজ ও উমরাহ যাত্রীদের কল্যাণে একটি লিখিত প্রস্তাবনা সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর কাছে তুলে ধরা হয়।
শেষে দুই দেশের মন্ত্রীর মধ্যে সৌজন্য উপহার বিনিময় করা হয়।
এ সময় ধর্ম সচিব, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তৃতীয় উমরাহ ও সফর বিষয়ক আন্তর্জাতিক ফোরামে অংশ নিতে ধর্মমন্ত্রী বর্তমানে সৌদি আরব সফরে রয়েছেন।



