প্রকাশিত: মে ১, ২০২৬, ১০:৪৯ এএম
আজ মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে ১ মে বাংলাদেশসহ বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।
এ বছরের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’। দিবসটি উপলক্ষে দেশের সব শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি।
তিনি বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। শিল্প, কৃষি, নির্মাণসহ সব খাতে তাদের নিরলস পরিশ্রম অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রাষ্ট্রপতি আরও বলেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা, মালিক-শ্রমিক সুসম্পর্ক বজায় রাখা এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে বাংলাদেশ বিশ্বে একটি শ্রমিকবান্ধব ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নিয়মিত মজুরি পর্যালোচনার মাধ্যমে ন্যায্য মজুরি এবং নারী-পুরুষ সমান মজুরি নিশ্চিত করতে সরকার কাজ করছে।
তিনি আরও জানান, প্রবাসী শ্রমিকদের অর্থনৈতিক সুরক্ষা জোরদার করতে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে, মহান মে দিবস উপলক্ষে ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত শ্রমিক সমাবেশে প্রথমবারের মতো বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ তথ্য এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন দলটির এক নেতা।
ইতিহাসের এই দিনে ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা আট ঘণ্টা কর্মদিবসসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন। সেদিন দমন-পীড়নের মুখে শ্রমিকরা প্রাণ দেন, যার মধ্য দিয়ে বিশ্বজুড়ে শ্রমিক অধিকার আন্দোলনের পথ সুদৃঢ় হয়।



