প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৯:১১ এএম
রাজধানীতে আজ রবিবার থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সম্মেলনের উদ্বোধন করবেন। এতে সারা দেশের জেলা প্রশাসকরা অংশ নিচ্ছেন।
এবারের সম্মেলনে মাঠ প্রশাসন থেকে প্রাপ্ত বিপুল সংখ্যক প্রস্তাবের মধ্য থেকে বাছাই করা ৪৯৮টি প্রস্তাব নিয়ে আলোচনা হবে। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও দায়িত্বপ্রাপ্তরা নিজ নিজ খাতসংক্রান্ত দিকনির্দেশনা দেবেন।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির জানান, এবারের সম্মেলন চার দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে, যা আগেরবারের তুলনায় এক দিন বেশি। সম্মেলনে মোট ৩৪টি অধিবেশন থাকবে, যার মধ্যে ৩০টি কার্য অধিবেশন। এতে ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগ অংশগ্রহণ করছে।
তিনি আরও জানান, মাঠ প্রশাসন থেকে মোট ১ হাজার ৭২৯টি প্রস্তাব পাওয়া গেছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ ৪৯৮টি আলোচনার জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। সবচেয়ে বেশি প্রস্তাব এসেছে স্বাস্থ্য খাত থেকে।
সম্মেলনে ভূমি ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা, স্থানীয় সরকার, দুর্যোগ মোকাবিলা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ এবং অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।
এছাড়া সম্মেলন চলাকালে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার এবং প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই সম্মেলনের মাধ্যমে মাঠ প্রশাসনের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধানের পথ নির্ধারণ করা সম্ভব হবে। একই সঙ্গে জনসেবা ও উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।



