রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মৃতপ্রায় আবহাওয়া অফিস, নেই দরজা-জানালা

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ৯, ২০২৬, ০৪:৫৩ পিএম

মৃতপ্রায় আবহাওয়া অফিস, নেই দরজা-জানালা

ছবি: সংগৃহীত

জরাজীর্ণ ভবন, ভাঙাচোরা সীমানাপ্রাচীর ও মাদকসেবীদের অবাধ আনাগোনায় ভুতুড়ে পরিবেশ তৈরি হয়েছে ঈশ্বরদীর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কার্যালয়ে। দীর্ঘদিন ধরে জনবল সংকট ও আধুনিক সুযোগ-সুবিধার অভাবে কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানটি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈশ্বরদী বিমানবন্দর এলাকার ভেতরে ১৯৬৫ সালে প্রায় পাঁচ একর জমির ওপর সরকারি উদ্যোগে পাইলট বেলুন পর্যবেক্ষণাগারটি প্রতিষ্ঠা করা হয়। কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ভবন ও পর্যবেক্ষণাগার নির্মাণ করা হলেও দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে পুরো এলাকাজুড়ে এখন অবহেলার চিত্র দেখা যাচ্ছে।

তদারকির অভাবে ভবনগুলোর দরজা, জানালা এমনকি গ্রিল পর্যন্ত চুরি হয়ে গেছে। আবাসিক ভবনগুলো বর্তমানে মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

এদিকে আবহাওয়া পর্যবেক্ষণে ব্যবহৃত দুটি যন্ত্রের মধ্যে একটি দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে আছে। ফলে একটি যন্ত্র দিয়েই কোনোভাবে কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে সংশ্লিষ্টদের।

আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, ভারত থেকে আনা স্বয়ংক্রিয় আবহাওয়া পর্যবেক্ষণ যন্ত্র স্থাপন করা হলেও সেটি কখনো চালু করা সম্ভব হয়নি। নিরাপত্তা প্রহরী না থাকায় রাতের দায়িত্ব পালনে ভয় ও অনিরাপত্তায় থাকতে হয় বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, জনবল সংকটের কারণে কর্মকর্তা-কর্মচারীদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হলেও অতিরিক্ত কর্মঘণ্টার জন্য কোনো আর্থিক সুবিধা দেওয়া হয় না।

ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, ১৪ জনের জনবল কাঠামোর বিপরীতে বর্তমানে মাত্র ৬ জন কর্মকর্তা-কর্মচারী দিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতে সবাইকে অতিরিক্ত চাপ নিয়ে কাজ করতে হচ্ছে।

তিনি জানান, আবাসিক ভবনগুলো দীর্ঘদিন ধরে বসবাসের অনুপযোগী অবস্থায় পড়ে থাকায় সেখানে ভুতুড়ে পরিবেশ তৈরি হয়েছে এবং ভবনের দরজা-জানালাও চুরি হয়ে গেছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!