প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৩:৩৭ পিএম
দীর্ঘ সময়ের বিরতির পর বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় ভ্রমণ ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী ২৮ জুন থেকে এ সুবিধা কার্যকর হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বৃহস্পতিবার রাজধানীর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। এর ফলে চিকিৎসা, ব্যবসা কিংবা অন্যান্য প্রয়োজনের পাশাপাশি সাধারণ ভ্রমণকারীরাও আবার ভারত সফরের সুযোগ পাবেন।
জানা যায়, ২০২৪ সালের আগস্ট মাসে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারত বাংলাদেশিদের জন্য ভ্রমণ ভিসা প্রদান কার্যক্রম স্থগিত রাখে। সেই সময় সীমিত আকারে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা চালু থাকলেও সাধারণ পর্যটকদের জন্য ভিসা দেওয়া বন্ধ ছিল। প্রায় দুই বছর পর সেই বিধিনিষেধ শিথিল করে পুনরায় ভ্রমণ ভিসা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি বাংলাদেশে দায়িত্ব গ্রহণ করেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। গত ১২ জুন তিনি ঢাকায় পৌঁছান এবং দায়িত্বভার গ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেন। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করার পরপরই তিনি ভিসা-সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।
ভ্রমণ খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ সিদ্ধান্তের ফলে দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পাবে। পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা ও পারিবারিক সফরের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা বহু বাংলাদেশি নাগরিকের জন্য এ ঘোষণা স্বস্তির বার্তা হিসেবে এসেছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, ভিসা কার্যক্রম স্বাভাবিক হওয়ার মাধ্যমে বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদার হবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন গতি পাবে।



