রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

শেয়ারবাজার কারসাজির দায়ীদের বিচার হবে, সংসদে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৬:০৫ পিএম

শেয়ারবাজার কারসাজির দায়ীদের বিচার হবে, সংসদে প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

দেশের শেয়ারবাজারে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম, কারসাজি এবং বিনিয়োগকারীদের ক্ষতির জন্য দায়ীদের আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অতীতে সংঘটিত সব ধরনের অনিয়মের নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বিনিয়োগকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং একটি স্থিতিশীল পুঁজিবাজার গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ বাস্তবায়ন করবে।

বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা জানান। তিনি বলেন, অতীতের বিভিন্ন সময়ে শেয়ারবাজারে সংঘটিত অনিয়মের বিষয়ে তদন্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রধানমন্ত্রী জানান, শেয়ারবাজারে কারসাজির অভিযোগে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে উল্লেখযোগ্য অঙ্কের অর্থদণ্ড আরোপ করা হয়েছে। এছাড়া আরও গভীর তদন্তের জন্য সংশ্লিষ্ট তথ্য আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, অতীতে শেয়ারবাজারে অস্থিরতা তৈরির পেছনে একাধিক কারণ ছিল। এর মধ্যে কৃত্রিমভাবে শেয়ারের মূল্য নিয়ন্ত্রণ, নতুন শেয়ার ও ঋণপত্র ছাড়ে অনিয়ম, তদারকির দুর্বলতা এবং সময়মতো কার্যকর ব্যবস্থা না নেওয়া অন্যতম।

সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে প্রধানমন্ত্রী জানান, পুঁজিবাজারকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করতে একাধিক সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। দক্ষ নেতৃত্ব নিশ্চিত করা, ভালো মানের প্রতিষ্ঠানকে বাজারে অন্তর্ভুক্ত করা, অনিয়মের তথ্যদাতাদের সুরক্ষা দেওয়া, আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি চালু করা, বিনিয়োগকারীদের নিরাপত্তা জোরদার করা এবং লেনদেন আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার একটি শক্তিশালী, স্বচ্ছ ও টেকসই পুঁজিবাজার গড়ে তুলতে বদ্ধপরিকর। ভবিষ্যতে যাতে কোনো ধরনের কারসাজি বা অনিয়মের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত না হন, সে লক্ষ্যে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!