রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সবুজ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৩:৫৩ পিএম

সবুজ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, এর জন্য দেশের সব মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়, এটি বর্তমানের বাস্তবতা। তাই দেশের উন্নয়ন পরিকল্পনার প্রতিটি ধাপে পরিবেশ ও জলবায়ুর বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষ সংরক্ষণ এবং সবুজায়নের মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। এ জন্য শুধু গাছ লাগানো নয়, রোপণ করা গাছের সঠিক পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও জরুরি।

রাজধানী ঢাকার পরিবেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বসবাসের অনুপযোগী শহরের তালিকায় ঢাকার অবস্থান উদ্বেগজনক। এই পরিস্থিতি পরিবর্তন করে ঢাকাকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, পরিকল্পনাহীনভাবে বিভিন্ন স্থানে কলকারখানা স্থাপন পরিবেশের জন্য ক্ষতিকর। উন্নয়নের সঙ্গে পরিবেশের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষার বিষয়েও সমান গুরুত্ব দিতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণে অবদান রাখার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। এ সময় জাতীয় পরিবেশ পদক, বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার এবং বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার প্রদান করা হয়।

এ ছাড়া সামাজিক বনায়নের সঙ্গে যুক্ত উপকারভোগীদের মধ্যে লভ্যাংশের অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সভাপতিত্ব করেন।

পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!