রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১, ২০২৬, ১১:২১ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

সংগৃহীত

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করা এবং আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময়ের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার (১ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সরকারি সূত্রে জানা গেছে, বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা, মানবিক বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা সহযোগিতা এবং কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সফরের অংশ হিসেবে এর আগে সার্জিও গর কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন। সেখানে তিনি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রা, মানবিক সহায়তা কার্যক্রম এবং শিবিরের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সহযোগী সংস্থা এবং মানবিক সহায়তা কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখা এবং এ বিষয়ে বাংলাদেশকে সহায়তার ক্ষেত্র আরও বিস্তৃত করার বিষয়েও এই সফরে গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা, মানবিক সংকট এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে সমন্বয় আরও বাড়ানোর উদ্যোগ নিয়েও আলোচনা হতে পারে।

তিন দিনের সরকারি সফরে গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান সার্জিও গর। তার এই সফরকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের চলমান কূটনৈতিক যোগাযোগের ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে নিয়মিত উচ্চপর্যায়ের সংলাপ পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং বহুমুখী সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

সংশ্লিষ্ট মহলের আশা, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে অর্থনীতি, মানবিক সহযোগিতা ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে যৌথ উদ্যোগ আরও জোরালো হবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!