রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আজ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৬, ০৮:৫৯ এএম

আজ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

রাজধানীর শেরেবাংলা নগরে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে বহুল প্রতীক্ষিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। গণঅভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ এবং সেই সময়ের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে সংরক্ষণ ও তুলে ধরার লক্ষ্যেই এই জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে জাদুঘরটির আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, উদ্বোধনের দিন জাদুঘরটি বিশেষভাবে জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা এবং আমন্ত্রিত অতিথিদের জন্য নির্ধারিত থাকবে। তবে আগামীকাল থেকে সাধারণ দর্শনার্থীরা নির্ধারিত নিয়মে জাদুঘরটি পরিদর্শনের সুযোগ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন প্রদর্শনী কক্ষ ঘুরে দেখবেন। সেখানে গণঅভ্যুত্থানের বিভিন্ন আলোকচিত্র, গুরুত্বপূর্ণ দলিল, সংরক্ষিত নিদর্শন, স্মারক এবং ঐতিহাসিক তথ্য উপস্থাপন করা হয়েছে। এসব উপকরণের মাধ্যমে সেই সময়ের ঘটনাপ্রবাহ, সংগ্রাম এবং আত্মত্যাগের ইতিহাস তুলে ধরা হবে।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা তাঁদের স্মৃতিচারণ করবেন। পাশাপাশি গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনার ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের পাশাপাশি সাংস্কৃতিক আয়োজনও থাকবে, যেখানে আত্মত্যাগ, দেশপ্রেম এবং গণমানুষের সংগ্রামের নানা দিক তুলে ধরা হবে।

দর্শনার্থীদের সুবিধার্থে জাদুঘরে প্রবেশের জন্য অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে। প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা। সংশ্লিষ্টদের আশা, এই জাদুঘর শুধু ইতিহাস সংরক্ষণের স্থানই নয়, বরং নতুন প্রজন্মের কাছে দেশের গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের বাস্তব চিত্র তুলে ধরার অন্যতম কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!