প্রকাশিত: আগস্ট ৮, ২০২৬, ০৮:৫০ এএম
দেশের বিভিন্ন এলাকায় বোমা হামলার আশঙ্কা নিয়ে পুলিশের মধ্যে সতর্কতা জারির একটি বার্তা ছড়িয়ে পড়েছে। শুক্রবার (৭ আগস্ট) রাতে পুলিশ সদর দপ্তরের নাম ব্যবহার করে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে পাঠানো ওই বার্তায় রাতের দায়িত্বে থাকা সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।
বার্তায় বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সারা দেশে বোমা হামলার আশঙ্কা রয়েছে। এ কারণে বিভিন্ন জেলার রাতের চেকপোস্ট, টহল ও চলমান দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর নির্দেশনাও দেওয়া হয়।
শুক্রবার মধ্যরাতে বিষয়টি নিয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ে আলোচনা শুরু হলে সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ তৈরি হয়। তবে এ ধরনের সতর্কবার্তা ছড়িয়ে পড়ার পর বিষয়টির সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে।
পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ শাখার দায়িত্বশীল কর্মকর্তা এ এইচ এম শাহাদাত হোসাইন বিষয়টি নিয়ে ভিন্ন তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, সারা দেশে বোমা হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারির খবরটি গুজব।
ফলে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া বোমা হামলার আশঙ্কার খবর নিয়ে সাধারণ মানুষকে যাচাই ছাড়া আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে পুলিশের নামে প্রচারিত কোনো বার্তা বা নির্দেশনা সত্য কি না, তা নিশ্চিত না হয়ে তা ছড়িয়ে না দেওয়ার বিষয়েও সতর্ক থাকা জরুরি।
এদিকে রাতের নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজ নিজ দায়িত্ব পালন করছেন। তবে বোমা হামলার আশঙ্কা নিয়ে ছড়িয়ে পড়া বার্তাটির উৎস এবং এর প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।



