রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জনগণের অর্থনৈতিক সক্ষমতাই শক্তিশালী রাষ্ট্রের ভিত্তি: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১২, ২০২৬, ১০:৪৪ এএম

জনগণের অর্থনৈতিক সক্ষমতাই শক্তিশালী রাষ্ট্রের ভিত্তি: প্রধানমন্ত্রী

ফাইল ছবি

জনগণের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানো ছাড়া একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সাধারণ মানুষকে অভাব-অনটনের মধ্যে রেখে কিংবা তাদের মতপ্রকাশের সুযোগ সীমিত করে কোনো দেশকে প্রকৃত অর্থে শক্তিশালী করা যায় না। মানুষের রাজনৈতিক অধিকারের পাশাপাশি অর্থনৈতিক নিরাপত্তা ও স্বচ্ছলতা নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন তিনি।

মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বন্ধ থাকা তিনটি রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারি দুটি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগে উৎসাহিত করা প্রয়োজন। নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে উদ্যোক্তাদের প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি। তার মতে, উদ্যোক্তাদের বিকাশের সুযোগ তৈরি হলে একদিকে মানুষের কর্মসংস্থান বাড়বে, অন্যদিকে দেশের সামগ্রিক অর্থনীতিও শক্তিশালী হবে।

বিদেশি বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সরকারপ্রধান বলেন, দেশের অর্থনীতিতে বিদেশি বিনিয়োগ গুরুত্বপূর্ণ হলেও নিজস্ব বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের উৎসাহিত করার বিষয়টি সমান গুরুত্বের সঙ্গে দেখতে হবে। ব্যবসা পরিচালনা ও বিনিয়োগ সম্প্রসারণে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নীতিগত সহযোগিতা দেওয়া হবে।

বন্ধ তিন পাটকল নতুনভাবে চালুর উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী ইজারা নেওয়া প্রতিষ্ঠানগুলোর সাফল্য কামনা করেন। নতুন বিনিয়োগের মাধ্যমে এসব প্রতিষ্ঠান উৎপাদনে ফিরবে এবং বিপুল মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য এমন একটি দেশ গড়ে তোলা, যেখানে মানুষ বর্তমান অবস্থার তুলনায় আরও ভালো জীবনযাপনের সুযোগ পাবে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য সমান সুযোগ তৈরির মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিকভাবে শক্তিশালী দেশ গড়ে তুলতে সরকার কাজ করছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!