রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠক

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৬, ১১:২৫ এএম

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠক

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণ, নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং পারস্পরিক অর্থনৈতিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশে মার্কিন ব্যবসা ও বিনিয়োগের পরিধি বাড়ানো এবং দুই দেশের বাণিজ্যিক সহযোগিতা আরও কার্যকর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও প্রধান বাণিজ্যিক কর্মকর্তা অলিভার সিম্পসন। তাঁর সঙ্গে রয়েছেন ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি এবং ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ সহসভাপতি রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপ।

সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে এমন উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেশের জ্বালানি, শিল্প, অবকাঠামোসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে ভবিষ্যতে বিনিয়োগের সুযোগ নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৈঠক শেষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদল এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র যৌথভাবে সাংবাদিকদের সামনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সেখানে বৈঠকে আলোচিত বিষয়, সম্ভাব্য বিনিয়োগ এবং দুই দেশের ভবিষ্যৎ ব্যবসায়িক সহযোগিতার পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানানো হতে পারে।

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিদেশি বিনিয়োগ গুরুত্বপূর্ণ। সেই দিক থেকে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী মহলের সঙ্গে প্রধানমন্ত্রীর এই বৈঠককে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!