প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৬, ০৪:৫৯ পিএম
শিশুদের জন্য উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের পাঁচটি গুরুত্বপূর্ণ অঞ্চলে ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর উদ্যোগ নিয়েছে সরকার। খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী বিভাগ এবং কুমিল্লা জেলায় এসব হাসপাতাল প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে। আগামী অক্টোবর মাসে একযোগে হাসপাতালগুলোর উদ্বোধন করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার ১৫ আগস্ট রাজধানীতে জাতীয় স্নায়ুবিজ্ঞান ও হাসপাতালের নবনির্মিত ৫০০ শয্যার ভবন উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সকালে প্রধানমন্ত্রী হাসপাতালের নতুন ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে তিনি হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরে বিশেষ মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে নতুন ভবনের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, আধুনিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য কেবল হাসপাতালের ভবন নির্মাণ বা চিকিৎসা প্রযুক্তির সম্প্রসারণের মধ্যে সীমাবদ্ধ নয়। দক্ষ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, সুশাসন, উন্নত প্রযুক্তি এবং সময়োপযোগী নীতির সমন্বয়ের মাধ্যমে দেশের সব মানুষের জন্য সহজলভ্য, সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।
তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীমুখী হওয়ার প্রয়োজন যেন না হয়, সে বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
প্রধানমন্ত্রী আরও জানান, দেশের প্রতিটি ইউনিয়নে পূর্ণাঙ্গ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। পাশাপাশি বর্তমান সরকারের মেয়াদে ধাপে ধাপে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে ১৫১ শয্যার হাসপাতালে উন্নীত করার পরিকল্পনাও বাস্তবায়ন করা হচ্ছে।
স্বাস্থ্যসেবাকে মানুষের মৌলিক অধিকার হিসেবে বিবেচনার পাশাপাশি দেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির অন্যতম ভিত্তি হিসেবে দেখছে সরকার। বিশেষ করে শিশুদের জন্য আলাদা ও উন্নত চিকিৎসাব্যবস্থা গড়ে উঠলে দেশের প্রত্যন্ত অঞ্চলের রোগীদের চিকিৎসা পাওয়ার সুযোগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
বিস্তারিত সংবাদ পড়তে আমাদের ওয়েবসাইটে যান।



