প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৬, ০৮:১১ এএম
ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য পক্ষের উদ্বোধন ও পুরস্কার বিতরণসহ দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নিতে আজ রোববার কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শপথ নেওয়ার পর এই প্রথম তাঁর কিশোরগঞ্জ সফরকে ঘিরে জেলা জুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকালে সড়কপথে ঢাকার থেকে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবেন। দিনব্যাপী সফরে তিনি কিশোরগঞ্জ সদর, কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে এসব এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদারের পাশাপাশি বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।
সফরের শুরুতে বেলা সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করার কথা রয়েছে। সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
এরপর দুপুর সাড়ে ১২টার দিকে কটিয়াদী উপজেলার কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে দুপুর ১টার দিকে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।
দুপুরের খাবার ও বিশ্রামের জন্য কিশোরগঞ্জ সার্কিট হাউসে অবস্থানের পর বিকেল ২টা ৩০ মিনিটে জেলা সদরের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সময়ে ছাত্রদলের আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।
পরে বিকেল ৪টার দিকে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ ও বিভিন্ন অনুদান দেওয়ার কর্মসূচিতে অংশ নেবেন। পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কিশোরগঞ্জের বিভিন্ন সড়কে সংস্কারকাজও দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হয়েছে। দীর্ঘদিনের খানাখন্দ মেরামতের পাশাপাশি সড়কের দুই পাশে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হয়েছে। দিনরাত শ্রমিকরা কাজ করে সফরের আগে গুরুত্বপূর্ণ সড়কগুলো চলাচলের উপযোগী করার চেষ্টা করছেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলার সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তাঁকে স্বাগত জানাতে স্থানীয় রাজনৈতিক সংগঠনগুলোর পক্ষ থেকেও নানা প্রস্তুতি নেওয়া হয়েছে।
স্থানীয় সংসদ সদস্যরা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরে কিশোরগঞ্জের যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান, শিক্ষা, মৎস্য খাতসহ জেলার সামগ্রিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। বিশেষ করে কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষের আয়োজনকে ঘিরে স্থানীয় মৎস্যচাষি ও উদ্যোক্তাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
সফরসূচি অনুযায়ী, দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টার দিকে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।



