রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মাসিক বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে দিচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৬, ০৬:৩৫ পিএম

মাসিক বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে দিচ্ছেন প্রধানমন্ত্রী

সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর মাসিক মূল বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিচ্ছেন বলে সরকারের প্রকাশিত ১৮০ দিনের কার্যক্রমসংক্রান্ত ই-বুকে উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রীর মাসিক মূল বেতন ১ লাখ ১৫ হাজার টাকা। এর ১০ শতাংশ হিসেবে প্রতি মাসে ১১ হাজার ৫০০ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিচ্ছেন তিনি।

সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রকাশিত ওই দলিলে রাষ্ট্র পরিচালনায় ব্যয়সংকোচন, ব্যক্তিকেন্দ্রিক প্রচার কমানো এবং সরকারি কাজে জবাবদিহি বাড়ানোর বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়েছে।

ই-বুকে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারের প্রচলন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইভাবে সরকারি দপ্তর, আদালত, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে অপ্রয়োজনে নেতার ছবি প্রদর্শনের সংস্কৃতি নিরুৎসাহিত করা হয়েছে।

সরকারের দাবি, এসব সিদ্ধান্তের মূল উদ্দেশ্য ব্যক্তির প্রচারের পরিবর্তে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সরকারি কার্যক্রম ও জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়া। পাশাপাশি প্রধানমন্ত্রীর চলাচলের সময় ট্রাফিক আইন মেনে চলা এবং সরকারি গাড়িবহরে অতিরিক্ত প্রটোকল কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারি ব্যয় কমানোর ক্ষেত্রেও বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে। অপ্রয়োজনীয় ভোজ, আপ্যায়ন ও বিদেশ সফরে বড় প্রতিনিধিদল পাঠানোর মতো ব্যয় কমানোর পাশাপাশি দেশীয় পণ্য ব্যবহারে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

দায়িত্ব গ্রহণের প্রথম ১৮০ দিনে অর্থনীতি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, বিনিয়োগ ও কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে কাজ করার কথা ই-বুকে তুলে ধরা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সব ক্ষেত্রে পূর্ণ সাফল্যের দাবি না করলেও জনগণের জীবনমান উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ ছাড়া প্রবাসী কর্মী, শিক্ষার্থী, কৃষক, পরিবার ও স্বাস্থ্যসেবাকে কেন্দ্র করে বিভিন্ন সহায়তামূলক কর্মসূচির কথাও উল্লেখ করা হয়েছে। সরকার বলছে, জবাবদিহি, মিতব্যয়িতা ও জনকল্যাণকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনার নতুন সংস্কৃতি গড়ে তোলাই তাদের অন্যতম লক্ষ্য।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!