প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৬, ০৬:২৪ পিএম
প্রবাসীদের জন্য চলতি আগস্ট মাসের শেষ দিকে ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। এই কার্ডের মাধ্যমে বিদেশে থাকা বাংলাদেশিদের দেশে ফিরে বিভিন্ন সরকারি সেবা গ্রহণ আরও সহজ ও সুবিধাজনক হবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান নুরুল হক নুর। জেলা ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ’ শীর্ষক এ সভার আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী জানান, প্রস্তাবিত প্রবাসী কার্ড অনেকটা এটিএম কার্ডের মতো ব্যবহার করা যাবে। এর মাধ্যমে প্রবাসীরা ব্যাংকিং কার্যক্রম পরিচালনার পাশাপাশি দেশে অবস্থানকালে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন। বিশেষ করে দেশে ফেরার পর সরকারি সেবা পেতে তাদের নানা ধরনের জটিলতা ও হয়রানি কমানোই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
তিনি আরও জানান, কার্ডধারী প্রবাসীরা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে অগ্রাধিকার সুবিধা পাওয়ার সুযোগ পাবেন। বিদেশে কর্মরত অবস্থায় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীদের দেশে ফেরার পর প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নুরুল হক নুর বলেন, প্রবাসীরা দেশে ফিরে যাতে সহজে সরকারি সেবা পান এবং তাদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান করা যায়, সে বিষয়টি বিবেচনায় রেখেই প্রবাসী কার্ডের পরিকল্পনা করা হয়েছে। কার্ডটি চালু হলে প্রবাসীদের জন্য সরকারি সেবার ক্ষেত্রে একটি সমন্বিত ব্যবস্থা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
আলোচনা সভায় মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তা ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।



