প্রকাশিত: আগস্ট ২০, ২০২৬, ০২:৫৪ পিএম
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রাষ্ট্রপতির দায়িত্ব পালনরত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল এবং রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের সংসদ সদস্যরাও ভোট দিচ্ছেন। মোট ৩৪৯ জন সংসদ সদস্যের ভোট দেওয়ার কথা রয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তাঁকে সহযোগিতা করছেন সংশ্লিষ্ট সহকারী কর্মকর্তারা। সংসদ কক্ষেই নির্ধারিত নিয়মে ভোটগ্রহণ চলছে।
ভোটগ্রহণ শেষ হবে বিকেল ৫টায়। এরপর একই কক্ষে ব্যালট গণনা করা হবে। গণনা শেষে মোট কতটি ভোট পড়েছে, কতটি ভোট বৈধ হয়েছে এবং প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্যে কে কত ভোট পেয়েছেন, তা ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। পরে নির্বাচনের ফলাফলের সরকারি প্রজ্ঞাপন প্রকাশ করা হবে।



