রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৬, ০৯:৩৬ এএম

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি

আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে তার। দীর্ঘ প্রায় দুই দশক পর তার এই যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যোগ দেবেন। অধিবেশনে সরকারপ্রধান হিসেবে প্রথমবারের মতো বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। পাশাপাশি অধিবেশনের বিভিন্ন পার্শ্ববর্তী আয়োজন ও গুরুত্বপূর্ণ বৈঠকেও অংশ নিতে পারেন তিনি।

সরকারপ্রধানের সফরকে সামনে রেখে প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সফরসূচি চূড়ান্ত করার কাজ করছেন। সফরের আগে প্রধানমন্ত্রী অন্য কোনো দেশে যাবেন না বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সফরসূচি অনুযায়ী, জাতিসংঘের অধিবেশন শেষে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে একটি দুই দিনের অনুষ্ঠানে অংশ নিতে পারেন। এরপর সেখান থেকে দেশে ফেরার কথা রয়েছে। সব কর্মসূচি চূড়ান্ত হলে যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর অবস্থানকাল প্রায় আট থেকে দশ দিন হতে পারে।

এবারের সাধারণ পরিষদের অধিবেশনের সঙ্গে বাংলাদেশের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ও যুক্ত হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। ফলে একই সময়ে জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের সরকারপ্রধান ও সাধারণ পরিষদের সভাপতির উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্য বহন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে দীর্ঘ বিরতির পর তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নানা কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন। নিউইয়র্কে বড় ধরনের নাগরিক সংবর্ধনার আয়োজনের পরিকল্পনাও করা হচ্ছে বলে জানা গেছে।

এরই মধ্যে সফর ঘিরে যুক্তরাষ্ট্রে থাকা দলীয় নেতাদের মধ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে নেতাকর্মীরা নিউইয়র্কে এসে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এর আগে সরকার গঠনের পর প্রথম বিদেশ সফর হিসেবে গত জুনে মালয়েশিয়া ও চীন সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সফরে দুই দেশের সঙ্গে জনশক্তি, বাণিজ্য, যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা এবং চুক্তি ও সমঝোতা হয়।

পরবর্তী সময়ে কয়েকটি দেশ সফরের আমন্ত্রণ পেলেও জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার আগে আপাতত আর কোনো দেশ সফরের পরিকল্পনা নেই বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!