রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চার খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা নিতে চায় সরকার

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৬, ০৫:২৫ পিএম

চার খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা নিতে চায় সরকার

ছবি: সংগৃহীত

পানি ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষিপণ্য সংরক্ষণের জন্য শীতল সংরক্ষণাগার ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগাতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। এসব খাতে দুই দেশের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় বাড়ানো গেলে দেশের উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর, আধুনিক ও দীর্ঘস্থায়ী হবে বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

সোমবার সকালে সচিবালয়ে নিজের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক এবং স্থানীয় সরকার ও উন্নয়ন খাতে ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। মন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের ক্ষমতায় বিশ্বাস করে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নগর ব্যবস্থাপনার ক্ষেত্রে বর্জ্য ব্যবস্থাপনাকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দ্রুত নগরায়ণের কারণে বর্জ্য ব্যবস্থাপনা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ও কার্যকর ব্যবস্থাপনা পদ্ধতি কাজে লাগানো প্রয়োজন।

বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি, পানি ব্যবস্থাপনা এবং কৃষিপণ্য সংরক্ষণেও সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। কৃষিপণ্যের অপচয় কমাতে আধুনিক শীতল সংরক্ষণাগার ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার বিষয়টিও গুরুত্ব পায়।

মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের স্থানীয় সরকার খাতের কার্যক্রমের প্রশংসা করে বলেন, এ খাতের সঙ্গে সাধারণ মানুষের জীবনযাত্রার সরাসরি সম্পর্ক রয়েছে। স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে যুক্তরাষ্ট্র ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তা কাজে লাগানো গেলে কার্যক্রম আরও ফলপ্রসূ হবে।

বৈঠকে উভয় পক্ষই আশা প্রকাশ করে, দীর্ঘদিনের পারস্পরিক সম্পর্ককে কাজে লাগিয়ে স্থানীয় সরকার ও উন্নয়ন খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সহযোগিতা আগামী দিনে আরও বিস্তৃত হবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!