প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৬, ০৮:২৯ পিএম
সরকারিভাবে কোনো ধরনের খরচ ছাড়াই ১০ হাজার বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (২৫ আগস্ট) সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন ও অবৈধভাবে বিদেশযাত্রা প্রতিরোধ বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
মন্ত্রী বলেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে শুধু সংখ্যার দিকে নজর দিলে হবে না; কর্মীদের দক্ষ করে গড়ে তোলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ভাষাগত জ্ঞান থাকলে বিদেশে গিয়ে কর্মীরা ভালো কাজের সুযোগ পাওয়ার পাশাপাশি নিজেদের অধিকারও আরও কার্যকরভাবে রক্ষা করতে পারবেন।
এ লক্ষ্যে সুনামগঞ্জের পাঁচটি নির্বাচনি এলাকায় পাঁচটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। এসব কেন্দ্রে বিদেশগামী কর্মীদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বিদেশে যাওয়ার আগে ভাষা শেখার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কর্মীদের ইংরেজি, আরবি, জাপানি, চীনা ও কোরিয়ান ভাষায় প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এতে সংশ্লিষ্ট দেশের কর্মক্ষেত্রে যোগাযোগের সমস্যা কমবে এবং কর্মীরা নিজেদের দায়িত্ব আরও দক্ষতার সঙ্গে পালন করতে পারবেন।
মন্ত্রী বিদেশে যেতে আগ্রহীদের দালালের মাধ্যমে অবৈধ পথে না গিয়ে সরকারি ও বৈধ প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানান। তাঁর মতে, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে প্রশিক্ষণ, দক্ষতা অর্জন এবং সঠিক নিয়ম মেনে বিদেশযাত্রার বিকল্প নেই।
সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিনা খরচে ১০ হাজার কর্মীর মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে দক্ষ কর্মী তৈরির মাধ্যমে দেশের বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।



