রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সৌদিতে আগুনে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৬, ১০:০৪ এএম

সৌদিতে আগুনে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ

সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া নয়জনের মরদেহ আজ দেশে ফিরছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। দীর্ঘ অপেক্ষার পর স্বজনরা প্রিয়জনের মরদেহ শেষবারের মতো দেখার প্রস্তুতি নিচ্ছেন।

নিহত নয়জনের মধ্যে সাতজনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। অন্য দুজনের একজন নাটোরের নলডাঙ্গা এবং অপরজন রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা। পরিচয় শনাক্ত হওয়া আত্রাইয়ের বাসিন্দারা হলেন উদনপৈ গ্রামের মো. ফরিদ, গন্ডগোহালী গ্রামের রুবেল প্রামাণিক, কলিমউদ্দিন ইসলাম, মোহন আলী ও তাঁর ছোট ভাই সুমন আলী, ডুবাই গ্রামের সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরকার। এছাড়া নাটোরের রবিউল ইসলাম ও রাজশাহীর শ্যামল উদ্দিনের পরিচয়ও নিশ্চিত করা হয়েছে।

গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। এতে ১৬ বাংলাদেশি শ্রমিক নিহত হন বলে জানা যায়। দুর্ঘটনার পর মরদেহ শনাক্ত করতে সৌদি কর্তৃপক্ষ আঙুলের ছাপসহ বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে। এর মধ্যে প্রথম ধাপে নয়জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তবে বাকি সাতজনের পরিচয় এখনো নিশ্চিত হয়নি। তাদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার কার্যক্রম চলছে।

এদিকে প্রিয়জনের মরদেহের অপেক্ষায় থাকা পরিবারগুলোতে নেমে এসেছে গভীর শোক। আত্রাইয়ের নিহত মিনহাজের মা পারুল বিবি ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের কাছে আকুতি জানিয়েছেন। পরিচয় শনাক্ত না হওয়ায় ছেলের মরদেহ এখনো দেশে না আসায় উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন তিনি।

আত্রাই উপজেলা প্রশাসন জানিয়েছে, নিহতদের মরদেহ বিমানবন্দর থেকে নিজ নিজ এলাকায় পৌঁছে দিতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। স্বজনদের সঙ্গে যোগাযোগ করে মরদেহ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। মরদেহ দেশে পৌঁছানোর পর আনুষ্ঠানিক ও আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের আরও কয়েকজনের পরিচয় নিশ্চিত হয়েছে এবং বাকি মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়াও চলমান রয়েছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর পর্যায়ক্রমে তাদের মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হবে।

প্রবাসে পরিবারের স্বচ্ছলতার স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন এসব শ্রমিক। কর্মস্থলের ভয়াবহ আগুনে তাদের আকস্মিক মৃত্যুতে পরিবারগুলোতে নেমে এসেছে শোকের ছায়া। একদিকে মরদেহ দেশে ফেরার অপেক্ষা, অন্যদিকে এখনো নিখোঁজ স্বজনদের পরিচয় নিশ্চিত না হওয়ায় উৎকণ্ঠায় রয়েছেন তাদের পরিবারের সদস্যরা।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!