প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৬, ০৮:৫৫ পিএম
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার ২৭ আগস্ট সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ পরিষদের বৈঠকের ফাঁকে দুই দেশের শীর্ষ কূটনৈতিক প্রতিনিধির মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের উদ্দেশে লেখা একটি চিঠি সৌদি পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন হুমায়ুন কবির। চিঠিতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে বলে জানা গেছে।
সাক্ষাতে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন দুই দেশের প্রতিনিধিরা। একই সঙ্গে দ্বিপক্ষীয় অংশীদারত্বকে আরও বিস্তৃত ও কার্যকর পর্যায়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
হুমায়ুন কবির বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে একাধিক উচ্চপর্যায়ের সফর অনুষ্ঠিত হয়েছে। এসব সফরের মাধ্যমে দুই দেশের বিভিন্ন খাতে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে আরও উচ্চপর্যায়ের সফরের সম্ভাবনার কথাও তিনি বৈঠকে তুলে ধরেন।
অন্যদিকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে তাঁর দেশের অগ্রাধিকারপ্রাপ্ত দেশগুলোর অন্যতম হিসেবে উল্লেখ করেন। দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে বাংলাদেশে সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠানের বাড়তে থাকা আগ্রহের কথা তুলে ধরে বিনিয়োগ ও ব্যবসায়িক কার্যক্রম আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও সৌদি আরবের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে সম্ভাবনাময় বিভিন্ন খাত নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। বিশেষ করে বিনিয়োগ ও ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর মাধ্যমে পারস্পরিক অর্থনৈতিক সুবিধা অর্জনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী দেশটির উন্নয়ন ও অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। সৌদি আরবে কর্মরত বাংলাদেশিদের শ্রম ও দক্ষতার ইতিবাচক ভূমিকার বিষয়টিও তিনি উল্লেখ করেন।
সাক্ষাতের শেষ পর্যায়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে তাঁর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে এ ধরনের উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ আব্দুলকরিম আল-খেরাইজি, ইসলামী সহযোগিতা সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



