রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সারা দেশে র‍্যাবের নিরাপত্তা জোরদার

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৬, ০৯:৩০ এএম

সারা দেশে র‍্যাবের নিরাপত্তা জোরদার

ফাইল ছবি

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমী শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে তৈরি না হয়, সে জন্য মন্দির, পূজামণ্ডপ, শোভাযাত্রার পথ ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে জন্মাষ্টমীর নানা আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। এ আয়োজনকে ঘিরে নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছে র‌্যাবের বিভিন্ন ইউনিট। নিয়মিত টহলের পাশাপাশি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা।

নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে দেশের বিভিন্ন মন্দির, পূজামণ্ডপ, অনুষ্ঠানস্থল ও জনসমাগমের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে ইউনিটগুলোর পক্ষ থেকে এলাকাভিত্তিক ঝুঁকি মূল্যায়ন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্ভাব্য কোনো হুমকি আগেভাগে শনাক্ত করতে তথ্য সংগ্রহ ও গোয়েন্দা কার্যক্রমও জোরদার করা হয়েছে।

উৎসবের আয়োজনে গুরুত্বপূর্ণ ব্যক্তি, ধর্মীয় নেতা, পুরোহিত এবং বিদেশি নাগরিকদের উপস্থিতি থাকলে তাদের নিরাপত্তার বিষয়েও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। জন্মাষ্টমীর শোভাযাত্রাকে ঘিরেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। শোভাযাত্রার সামনে, পেছনে এবং দুই পাশে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করবেন। কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে অতিরিক্ত সদস্যদেরও।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উৎসবস্থলে সন্দেহজনক ব্যক্তি, বস্তু কিংবা অস্বাভাবিক কোনো কর্মকাণ্ড দেখা গেলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে উৎসবস্থলে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নির্দেশনা মেনে চলার জন্যও অনুরোধ করা হয়েছে।

জন্মাষ্টমীকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারে—এমন গুজব, বিভ্রান্তিকর তথ্য কিংবা উসকানিমূলক প্রচারণার বিষয়েও নজরদারি রাখা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন বক্তব্য, ছবি ও অন্যান্য বিষয়বস্তু পর্যবেক্ষণের মাধ্যমে বিভ্রান্তি বা উত্তেজনা তৈরির সম্ভাবনা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

র‌্যাব জানিয়েছে, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে বাহিনী সতর্ক রয়েছে। দেশের বিভিন্ন এলাকায় পরিস্থিতি অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রস্তুতিও রাখা হয়েছে।

সাধারণ মানুষের স্বাভাবিক অংশগ্রহণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপন নিশ্চিত করাই নিরাপত্তা ব্যবস্থার প্রধান লক্ষ্য। উৎসবে অংশ নেওয়া সবাইকে সচেতন ও দায়িত্বশীল থাকার পাশাপাশি যেকোনো সন্দেহজনক বিষয় দ্রুত সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
 

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!