প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৪:১৫ পিএম
প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে শরীয়াভিত্তিক ঋণ কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলকে ধন্যবাদ জানিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শায়খ আহমাদুল্লাহ বলেন, প্রবাসীদের জন্য প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে সুদমুক্ত ঋণ দেওয়ার দাবি দীর্ঘদিন ধরেই তুলে ধরা হচ্ছিল। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন।
তিনি বলেন, এক মাসের মধ্যেই প্রবাসীকল্যাণ ব্যাংকে শরিয়াহ উইং চালুর ঘোষণা দেওয়ায় তারা আনন্দিত। এ উদ্যোগের মাধ্যমে প্রবাসীদের জন্য সুদমুক্ত ঋণ গ্রহণের পথ কিছুটা হলেও সহজ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শায়খ আহমাদুল্লাহ আরও জানান, শুরুতে শরিয়াহ উইং চালুর দাবি থাকলেও সর্বশেষ দাবি ছিল—প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদের জন্য সম্পূর্ণ সুদ বা মুনাফামুক্ত ঋণ ব্যবস্থা চালু করা। তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী ধাপে সেই উদ্যোগও নেওয়া হবে। একই সঙ্গে শরিয়াহ উইং চালুর ঘোষণাটি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
এর আগে, আসিফ নজরুল নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, প্রবাসীদের জন্য শিগগিরই প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে শরীয়াভিত্তিক ঋণ কার্যক্রম চালু হতে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনার ভিত্তিতে জানা গেছে—এক মাসের মধ্যেই এই কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, এই উদ্যোগ গ্রহণে শায়খ আহমাদুল্লাহ অনুপ্রেরণা জুগিয়েছেন এবং এজন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



