রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জুলাই সনদ নিয়ে বিএনপি প্রতারণা করছে : সারজিস আলম

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৭:২১ পিএম

জুলাই সনদ নিয়ে বিএনপি প্রতারণা করছে : সারজিস আলম

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়ন হয়নি। তাই আন্দোলনের লড়াইও শেষ হয়নি। তিনি অভিযোগ করেন, জুলাই সনদ, গণভোট ও বিচার বিভাগের স্বাধীনতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, আছিয়া হত্যাকাণ্ডের ঘটনায় প্রথমে ৩০ দিনের মধ্যে, পরে ৯০ দিনের মধ্যে রায় কার্যকরের কথা বলা হলেও ছয় মাস পার হয়ে গেলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

তিনি বিএনপি ও তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা একসময় তাদের সহযোদ্ধা ছিলেন। কিন্তু তারা যদি ছাত্রলীগ-যুবলীগের মতো সন্ত্রাসী কায়দায় রাজনৈতিক আন্দোলন দমনের চেষ্টা করে, তাহলে তাদের পরিণতি আরও ভয়াবহ হবে। আগামীর বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের অঙ্গসংগঠন বা আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে ভিন্নমত দমন করতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এনসিপির এই নেতা বলেন, জুলাই অভ্যুত্থানের পর যদি মানুষ পিছিয়ে যায় এবং কথা বলা বন্ধ করে দেয়, তাহলে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা আরও বড় স্বৈরাচার হয়ে উঠবে। তাই সেই সুযোগ কাউকে দেওয়া যাবে না।

তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘদিন পৃথক ও স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয়ের দাবি জানালেও এখন ক্ষমতায় এসে বিএনপি বিচার বিভাগকে দলীয়করণের চেষ্টা করছে। সুপ্রিম কোর্টকে নিয়ন্ত্রণে রাখতেই পৃথক সচিবালয়সংক্রান্ত আইন বাতিল করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে সারজিস আলম বলেন, হত্যাকারীরা ভারতে গ্রেপ্তার হলেও মাসের পর মাস পেরিয়ে গেছে, এখনো তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হয়নি। এ বিষয়ে তিনি সরকার ও প্রধানমন্ত্রীর কাছে জবাব দাবি করেন।

তিনি বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর এবং বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারলে বিএনপি দায় এড়াতে পারবে না।

সারজিস আলম আরও বলেন, রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে এবং এনসিপি তাদের আন্দোলন অব্যাহত রাখবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!