রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সংস্কার প্রশ্নে বিএনপিকে কড়া বার্তা এনসিপির

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০৯:৪৬ এএম

সংস্কার প্রশ্নে বিএনপিকে কড়া বার্তা এনসিপির

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশের কাঙ্ক্ষিত সংস্কার কার্যকর না হলে বর্তমান সরকারের টিকে থাকা কঠিন হবে। তাঁর দাবি, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের উদ্যোগ বাস্তবায়ন না করলে রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিতে পারে। তিনি বলেন, জনগণের অধিকার, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের বিকল্প নেই।

বুধবার গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর অনেকেই এখন সংস্কারের প্রশ্নে আগের অবস্থান থেকে সরে এসেছে। তাঁর ভাষায়, জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে রাষ্ট্রের বিভিন্ন খাতে পরিবর্তন আনা জরুরি। যদি সেই পরিবর্তনের পথে বাধা সৃষ্টি হয়, তাহলে জনগণই তার জবাব দেবে।

তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি বিচার, প্রশাসনিক সংস্কার এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে। টেন্ডারবাজি, সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, মাদক, শিক্ষা ও চিকিৎসা খাতে অনিয়ম বন্ধ করে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে তিনি শহীদ আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বিএনপির সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দীর্ঘ সময় রাজনৈতিক আন্দোলন করেও দলটি কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারেনি। তিনি দাবি করেন, গণঅভ্যুত্থান না হলে বহু রাজনৈতিক নেতা-কর্মী এখনো কারাগারে থাকতেন। তাঁর বক্তব্যে তিনি জনগণকে আবারও গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় থাকার আহ্বান জানান।

পথসভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি শফিজল ইসলাম। এতে আরও বক্তব্য দেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় নেত্রী সুমাইয়া ফারজানা দিনা এবং গাইবান্ধা জেলা কমিটির আহ্বায়ক এস এম খাদেমুল ইসলাম খুদিসহ অন্যান্য নেতারা।

সভায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম আগামী উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে গাইবান্ধা জেলা কমিটির আহ্বায়ক এস এম খাদেমুল ইসলাম খুদির নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগানে কর্মসূচির প্রতি সমর্থন জানান।

সমাবেশে বক্তারা রাষ্ট্র সংস্কার, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং জনগণের অংশগ্রহণমূলক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তাঁদের মতে, দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য কার্যকর সংস্কার এবং সুশাসন নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!