প্রকাশিত: আগস্ট ২২, ২০২৬, ১২:৫০ পিএম
জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও আন্তর্জাতিক সম্পর্ক এবং প্রবাসী বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পবিত্র ওমরাহ পালন সম্পন্ন করেছেন। বৃহস্পতিবার রাতে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় পৌঁছে তিনি ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
ওমরাহ পালনকালে তিনি দেশের মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে স্ত্রীকে সঙ্গে নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন আসিফ মাহমুদ। তার সঙ্গে জাতীয় নাগরিক পার্টির কয়েকজন নেতাকর্মীও সৌদি আরবে গেছেন।
সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন দলটির কেন্দ্রীয় সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক এবং প্রবাসী বিষয়ক উপকমিটির সদস্য আয়মান রাহাড, কেন্দ্রীয় সদস্য ও গণমাধ্যম উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত, জাতীয় ওলামা জোটের সদস্যসচিব মাওলানা সানাউল্লাহ খান এবং ঢাকা মহানগর দক্ষিণের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেলসহ আরও কয়েকজন।
ওমরাহ পালন শেষে আসিফ মাহমুদ ও তার সফরসঙ্গীরা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
বর্তমানে আসিফ মাহমুদ মক্কায় অবস্থান করছেন। সফরের পর তিনি মদিনা মুনাওয়ারায় যাওয়ার কথা রয়েছে। আগামী ৩০ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।



