রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হলফনামায় সম্পদের যে বিবরণ দিলেন সারজিস আলম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ০১:০৭ পিএম

হলফনামায় সম্পদের যে বিবরণ দিলেন সারজিস আলম

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় নিজের সম্পদ ও আয়ের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

হলফনামা অনুযায়ী, সারজিস আলমের হাতে বর্তমানে নগদ অর্থ রয়েছে ৩ লাখ ১১ হাজার ১২৮ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার জমাকৃত অর্থের পরিমাণ দেখানো হয়েছে ১ লাখ টাকা। তার নামে দান হিসেবে পাওয়া কৃষিজমির পরিমাণ ১৬ দশমিক ৫০ শতক। জমিটি অর্জনের সময় এর মূল্য ছিল ৭ হাজার ৫০০ টাকা, যা বর্তমানে আনুমানিক ৫ লাখ টাকা হিসেবে উল্লেখ করা হয়েছে।

হলফনামায় আরও জানানো হয়েছে, ব্যবসা থেকে বছরে তার আয় ৯ লাখ টাকা। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তিনি স্নাতকোত্তর বা মাস্টার্স ডিগ্রি অর্জনের তথ্য দিয়েছেন।

নথিতে দেখা যায়, সারজিস আলমের নামে একটি মামলা রয়েছে, যা বর্তমানে তদন্তাধীন। তবে তার নামে কোনো বন্ড, ঋণপত্র কিংবা শেয়ারবাজারভুক্ত শেয়ার নেই। আসবাবপত্রের মূল্য দেখানো হয়েছে ৭৫ হাজার টাকা এবং ইলেকট্রনিক সামগ্রীর মূল্যও ৭৫ হাজার টাকা। তার কোনো আগ্নেয়াস্ত্র নেই এবং তার মালিকানায় কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট বা ভবনও নেই।

এদিকে, ২০২৫–২০২৬ অর্থবছরের আয়কর রিটার্নে সারজিস আলম তার মোট আয় দেখিয়েছেন ২৮ লাখ ৫ হাজার টাকা। আয়কর নথি অনুযায়ী তার মোট সম্পদের মূল্য দাঁড়ায় ৩৩ লাখ ৭৩ হাজার ৬২৮ টাকা। এই আয়ের বিপরীতে তিনি ৫২ হাজার ৫০০ টাকা আয়কর পরিশোধ করেছেন।

নির্বাচন কমিশনে জমা দেওয়া সারজিস আলমের এই হলফনামার তথ্য ইতোমধ্যে জনসাধারণের জন্য প্রকাশ করা হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!