প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০২:০৩ পিএম
বাংলাদেশের মানুষ পরিবর্তন ও রাজনৈতিক অধিকার চায় বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সমালোচনার মধ্যে থাকলে দেশের মানুষের উপকার হবে না।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে জনসভায় তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘আন্দোলনের সময় আমরা দেখিনি কে সমতলের মানুষ, কে পাহাড়ের মানুষ। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় আমরা দেখিনি, কে সমতলের মানুষ। আমরা চাই সকলকে নিয়ে আমাদের সে প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলার জন্য।’
তিনি বলেন, ‘চট্টগ্রামে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন। আবার তিনি শহিদ হয়েছিলেন। চট্টগ্রামে খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধি দেওয়া হয়েছিল। এ চট্টগ্রামের সঙ্গে আমি এবং আমার পরিবারের আবেগের সম্পর্ক রয়েছে। বাংলাদেশের মানুষ পরিবর্তন চেয়েছে। যার মাধ্যমে শিক্ষা ও চিকিৎসার সুবিধা পায়।’
তিনি আরও বলেন, ‘আপনাদের কাছে আমার আহ্বান গণতন্ত্রে যারা বিশ্বাস করেন, মানুষের বাক্ স্বাধীনতায় যারা বিশ্বাস করেন, গণতন্ত্রের স্বাধীনতায় যারা বিশ্বাস করেন, আপনারা বিএনপির উপর আস্থা রাখুন, ধানের শীষ এবং বিএনপি নির্বাচিত হলে আপনাদেরকে সঙ্গে নিয়ে দেশের খেটে খাওয়া মানুষকে সঙ্গে নিয়ে বিএনপি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ।’



