রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আগামীকাল শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০৩:২১ পিএম

আগামীকাল শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা

ফাইল ছবি

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামীকাল সোমবার (২৫ মে) সন্ধ্যা থেকে। ৮ জিলহজ মিনায় অবস্থানের মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন লাখো ধর্মপ্রাণ মুসলমান। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এবার বিদেশি হজযাত্রীর সংখ্যা গত বছরের তুলনায় আগেই নতুন উচ্চতায় পৌঁছেছে।

সৌদি প্রশাসনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৫ লাখের বেশি বিদেশি হজযাত্রী সৌদি আরবে প্রবেশ করেছেন। ধারণা করা হচ্ছে, হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগ মুহূর্তে আরও বহু মানুষ দেশটিতে পৌঁছাবেন। ফলে এবারের হজ আয়োজন গতবারের তুলনায় আরও বড় পরিসরে সম্পন্ন হতে পারে।

হজের ধারাবাহিক আনুষ্ঠানিকতায় ৮ জিলহজ মিনায় অবস্থানের পর ৯ জিলহজ আরাফাতের ময়দানে সমবেত হবেন হাজিরা। আরাফাতে অবস্থানকে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গণ্য করা হয়। এরপর ধারাবাহিকভাবে মুজদালিফা, জামারাতে পাথর নিক্ষেপ ও কোরবানিসহ অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন মুসল্লিরা।

এদিকে হজযাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি প্রশাসন। পবিত্র স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব আরও জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, হজযাত্রীদের নিরাপদ চলাচল, স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিতে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বিত ব্যবস্থা নেওয়া হয়েছে।

দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, এবারের হজে নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মিনাসহ গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে, যাতে আল্লাহর মেহমানরা শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতে পারেন।

গত বছর মোট ১৬ লাখের বেশি মুসলমান হজ পালন করেছিলেন। তবে চলতি বছর মূল আনুষ্ঠানিকতা শুরুর আগেই বিদেশি হাজির সংখ্যা আগের বছরের তুলনায় বেশি হওয়ায় এবারের আয়োজন আরও বড় ও ব্যস্ততাপূর্ণ হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!