রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ভেনেজুয়েলার ভূমিকম্প আমাদের জন্যও বার্তা সতর্কবার্তা

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০২:২৪ পিএম

ভেনেজুয়েলার ভূমিকম্প আমাদের জন্যও বার্তা সতর্কবার্তা

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় সংঘটিত ভয়াবহ ভূমিকম্পের ঘটনাকে মানবজাতির জন্য গভীর শিক্ষা ও সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছেন বিশিষ্ট ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেছেন, এমন বিপর্যয় মানুষের সামনে মহান আল্লাহর সর্বময় ক্ষমতার বাস্তবতা তুলে ধরে এবং পার্থিব জীবনের ক্ষণস্থায়ী প্রকৃতি সম্পর্কে নতুন করে ভাবতে শেখায়।

বৃহস্পতিবার (২৫ জুন) নিজের সত্যায়িত সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় প্রকাশিত এক বার্তায় তিনি ভূমিকম্পে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহত ও ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, কয়েক সেকেন্ডের একটি ভূমিকম্প মুহূর্তেই বহু বছরের পরিশ্রমে গড়ে ওঠা ঘরবাড়ি, স্থাপনা এবং মানুষের স্বপ্ন ধ্বংস করে দিতে পারে। আধুনিক প্রযুক্তি, উন্নত অবকাঠামো কিংবা বিপুল সম্পদও সৃষ্টিকর্তার ইচ্ছার সামনে চূড়ান্ত নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে না।

শায়খ আহমাদুল্লাহ বলেন, এ ধরনের ঘটনা মানুষের জন্য আত্মসমালোচনা, তওবা, ইস্তিগফার এবং মহান আল্লাহর দিকে ফিরে আসার গুরুত্বপূর্ণ উপলক্ষ। মানুষ যতই দুনিয়ার ব্যস্ততায় ডুবে থাকুক না কেন, একটি বড় প্রাকৃতিক দুর্যোগ তাকে স্মরণ করিয়ে দেয় যে এই পৃথিবীর সবকিছুই একদিন শেষ হয়ে যাবে এবং প্রত্যেক মানুষকে তার কর্মের হিসাব দিতে হবে।

বাংলাদেশের প্রসঙ্গ টেনে তিনি সতর্ক করে বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে মাঝেমধ্যেই ছোট ছোট ভূমিকম্প অনুভূত হচ্ছে। তাই ভেনেজুয়েলার এই বিপর্যয় থেকে শিক্ষা নেওয়া জরুরি। বিশেষ করে রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহরের অপরিকল্পিত নগরায়ণ, নির্মাণবিধি উপেক্ষা করে ভবন নির্মাণ, অতিরিক্ত জনসংখ্যার চাপ, সংকীর্ণ সড়ক এবং খোলা স্থানের স্বল্পতা ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পে ক্ষয়ক্ষতির মাত্রা আরও বাড়িয়ে দিতে পারে।

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ভূমিকম্প-সহনশীল অবকাঠামো নির্মাণ, ঝুঁকিপূর্ণ ভবনের নিরাপত্তা পরীক্ষা, কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা, জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত উদ্ধার সক্ষমতা জোরদারের আহ্বান জানান। একই সঙ্গে সাধারণ মানুষকেও দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকা এবং নিরাপত্তাবিধি মেনে চলার পরামর্শ দেন।

বার্তার শেষাংশে শায়খ আহমাদুল্লাহ বলেন, প্রাকৃতিক দুর্যোগকে শুধু ভৌগোলিক বা বৈজ্ঞানিক ঘটনা হিসেবে দেখলে চলবে না। এটি মানুষের জন্য শিক্ষা গ্রহণ, আত্মশুদ্ধি এবং মহান আল্লাহর প্রতি আরও বেশি মনোযোগী হওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। পাশাপাশি ভবিষ্যতের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে পরিকল্পিত নগরায়ণ ও বাস্তবভিত্তিক দুর্যোগ প্রস্তুতির কোনো বিকল্প নেই।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!