প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ১১:৩৩ পিএম
দেশের ক্রীড়াবিদদের জন্য নতুন সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ৩০ মার্চ ক্রীড়া পরিচয়পত্র ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দিন ১২৯ জন ক্রীড়াবিদকে সম্মাননা প্রদান করা হবে।
শনিবার জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এ তথ্য জানান। তিনি বলেন, যেসব ক্রীড়াবিদ দীর্ঘদিন ধরে জাতীয় পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করছেন, তাদের একটি নির্দিষ্ট বেতন কাঠামোর আওতায় এনে নিয়মিত ভাতা দেওয়া হবে। একই সঙ্গে তাদেরকে সম্মানসূচক ক্রীড়া পরিচয়পত্র প্রদান করা হবে।
মন্ত্রী আরও জানান, যারা বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক অর্জন করেছেন, তারাও এই ভাতার আওতায় আসবেন। পর্যায়ক্রমে মোট ৫০০ জন ক্রীড়াবিদকে এ সুবিধার অন্তর্ভুক্ত করা হবে। প্রথম ধাপে এপ্রিল মাস থেকে ১২৯ জন ক্রীড়াবিদ ভাতা পেতে শুরু করবেন।
এ ছাড়া দেশজুড়ে ক্রীড়া উন্নয়নের লক্ষ্যে ৪৯৫টি উপজেলায় ক্রীড়া কর্মকর্তা নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তরুণ প্রতিভা গড়ে তুলতে বিশেষ কর্মসূচির মাধ্যমে সম্ভাবনাময় খেলোয়াড়দের বৃত্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।



