রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জোড়া গোলের পর আবারও চোটে লাউতারো মার্টিনেজ

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০২:০৯ পিএম

জোড়া গোলের পর আবারও চোটে লাউতারো মার্টিনেজ

ফাইল ছবি

পায়ের কাফ মাসলে টানজনিত ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। ১৮ ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে থাকা এই ইন্টার মিলান তারকা ৪৬ দিন পর ফিরেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন।

সিরি আ’র ৩১তম ম্যাচে রোমার বিপক্ষে মাঠে নেমে জোড়া গোল করেন লাউতারো। তার নৈপুণ্যে ইন্টার মিলান ৫–২ ব্যবধানে বড় জয় পায়। এই ম্যাচে জয়ের মাধ্যমে তিনি ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় আরও ওপরে উঠে যান।

মাঠে ফিরেই প্রায় এক মিনিটেরও কম সময়ে গোল করে নিজের ফর্মে ফেরার বার্তা দেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

তবে ম্যাচের পরপরই অনুশীলনে গিয়ে আবারও চোট পান লাউতারো। ক্লাব কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে, তার পায়ের নিচের অংশের মাংসপেশিতে নতুন করে সমস্যা দেখা দিয়েছে।

ইতালিয়ান ও আর্জেন্টাইন ক্রীড়া মাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী কয়েকদিন তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে। নতুন চোটের কারণে তিনি আবারও প্রায় দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে পারেন।

এই পরিস্থিতিতে ইন্টার মিলানের পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তার অনুপস্থিতি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে পয়েন্ট টেবিলের শীর্ষ লড়াইয়ে এটি প্রভাব ফেলতে পারে।

অন্যদিকে, আর্জেন্টিনা জাতীয় দলও তার ফিটনেস নিয়ে উদ্বেগে রয়েছে। আসন্ন বিশ্বকাপ সামনে রেখে কোচ লিওনেল স্কালোনির জন্য এটি নতুন দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!