রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রিয়ালে এমবাপ্পে ইস্যুতে বাড়ছে অনিশ্চয়তা

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৯:০৮ এএম

রিয়ালে এমবাপ্পে ইস্যুতে বাড়ছে অনিশ্চয়তা

ফাইল ছবি

স্পেনের শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মাত্র দুই মৌসুম পার না হতেই তার ভবিষ্যৎ নিয়ে ক্লাবের ভেতরে-বাইরে নানা আলোচনা শুরু হয়েছে। ক্লাবের অভ্যন্তরীণ সূত্রে জানা যাচ্ছে, দলের ভেতরে এমবাপ্পেকে ঘিরে কিছু অসন্তোষ তৈরি হয়েছে এবং পরিস্থিতি জটিল হলে তাকে বিক্রির বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।

বড় প্রত্যাশা নিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দিলেও মৌসুমের শেষ দিকে এসে তার আচরণ, ড্রেসিংরুমে দূরত্ব এবং দলীয় ঐক্যে প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকের মতে, শুধু মাঠের পারফরম্যান্স নয়, নেতৃত্ব ও দায়বদ্ধতার ক্ষেত্রেও তার আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন ছিল।

এদিকে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে নীরব প্রতিদ্বন্দ্বিতাও আলোচনায় এসেছে। আক্রমণভাগে দুই তারকার অবস্থান ও প্রভাব নিয়ে ভেতরে চাপ তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিনের অবদান ও গুরুত্বপূর্ণ ম্যাচে পারফরম্যান্সের কারণে ভিনিসিয়ুস নিজেকে দলের অন্যতম প্রধান মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

ফলে বর্তমানে রিয়াল মাদ্রিদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে—আক্রমণভাগের নেতৃত্ব কার হাতে থাকবে। একদিকে বিশ্ব ফুটবলের অন্যতম বড় নাম এমবাপ্পে, অন্যদিকে গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেকে প্রমাণ করা ভিনিসিয়ুস—এই দুই তারকার মধ্যে ভারসাম্য বজায় রাখা এখন ক্লাবের জন্য কঠিন হয়ে উঠছে।

ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। প্রয়োজন হলে বড় সিদ্ধান্ত নিতেও তিনি প্রস্তুত বলে জানা গেছে। এমনকি এমবাপ্পেকে ঘিরে বড় অঙ্কের প্রস্তাব এলে সেটি বিবেচনা করা হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!