প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৮:৩৯ এএম
বিশ্বকাপের নকআউট পর্বে টিকে থাকার লড়াইয়ে শক্তিশালী জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। জয় ছাড়া যেখানে অন্য কোনো ফল গ্রহণযোগ্য নয়, সেখানে দল নির্বাচন নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছেন না প্রধান কোচ কার্লো আনচেলত্তি। বিশেষ করে চোট কাটিয়ে দলে ফেরা নেইমারকে ঘিরে কোচিং স্টাফের পরিকল্পনা এখন বেশ সতর্ক।
ব্রাজিল শিবিরের সর্বশেষ তথ্য বলছে, জাপানের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই মাঠে দেখা নাও যেতে পারে অভিজ্ঞ এই তারকাকে। দীর্ঘদিনের চোট থেকে ফিরে এলেও এখনও পূর্ণ শারীরিক সক্ষমতা ফিরে পাননি তিনি। চিকিৎসক ও শারীরিক সক্ষমতা পর্যবেক্ষণকারী দলের মূল্যায়ন অনুযায়ী, টানা পুরো ম্যাচ খেলার মতো অবস্থায় নেইমার এখনও পৌঁছাতে পারেননি।
গ্রুপ পর্বের শেষ ম্যাচ শেষে প্রথম একাদশের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হলেও অন্যরা নিয়মিত অনুশীলনে অংশ নেন। শেষ প্রস্তুতি শেষে পুরো দল একসঙ্গে অনুশীলন করে জাপানের বিপক্ষে ম্যাচের জন্য নির্ধারিত শহরে পৌঁছায়। সেখানে চূড়ান্ত কৌশল নিয়েই ব্যস্ত সময় পার করছে ব্রাজিল।
দলীয় সূত্রে জানা গেছে, ম্যাচের পরিস্থিতি অনুকূলে থাকলে অথবা প্রয়োজন দেখা দিলে দ্বিতীয়ার্ধে নেইমারকে মাঠে নামানো হতে পারে। অভিজ্ঞতা ও সৃজনশীলতার কারণে তাকে গুরুত্বপূর্ণ সময়ে ব্যবহার করার দিকেই ঝুঁকছে কোচিং স্টাফ। শুরু থেকেই খেলানোর পরিবর্তে শেষ ভাগে প্রতিপক্ষের ওপর বাড়তি চাপ তৈরির পরিকল্পনাই গুরুত্ব পাচ্ছে।
এদিকে নেইমারকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিতর্কও তৈরি হয়েছিল। আগের ম্যাচে তাকে বদলি হিসেবে নামানোর আগে সহকারী কোচ ডেভিড আনচেলত্তির একটি অঙ্গভঙ্গি নিয়ে নানা ব্যাখ্যা ছড়িয়ে পড়ে। অনেকেই ধারণা করেন, নেইমারকে মাঠে নামানোর সিদ্ধান্তে তিনি সন্তুষ্ট ছিলেন না।
তবে বিষয়টি দ্রুতই পরিষ্কার করেন ডেভিড আনচেলত্তি। তিনি জানান, সেই মুহূর্তে তিনি অন্য একটি কৌশলগত বিষয় নিয়ে আরেক সহকারী কোচের সঙ্গে আলোচনা করছিলেন। নেইমারকে খেলানো নিয়ে তার অঙ্গভঙ্গির কোনো সম্পর্ক ছিল না। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জবকে ভিত্তিহীন বলেই উল্লেখ করেন তিনি।
অন্যদিকে ব্রাজিলের আক্রমণভাগে জায়গা পাওয়ার প্রতিযোগিতাও এখন তুঙ্গে। ভিনিসিয়ুস জুনিয়র ধারাবাহিক ভালো খেলায় নিজের অবস্থান শক্ত করেছেন। পাশাপাশি রায়ান, মাতেউস কুনহা ও ইগর থিয়াগোও সুযোগের অপেক্ষায় রয়েছেন। চোট কাটিয়ে রাফিনহার ফেরার সম্ভাবনাও দলকে আরও শক্তিশালী করে তুলেছে।
সব মিলিয়ে জাপানের বিপক্ষে ব্রাজিলের একাদশ নিয়ে জল্পনা তুঙ্গে থাকলেও একটি বিষয় স্পষ্ট—নেইমারকে নিয়ে কোনো তাড়াহুড়ো করতে রাজি নয় কোচিং স্টাফ। দলের স্বার্থেই তাকে সঠিক সময়ে ব্যবহার করার কৌশল নিয়েই এগোচ্ছে সেলেসাওরা।



