রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বিপর্যস্ত ভেনেজুয়েলা মানুষের জন্য ৩ কোটি টাকা অনুদান দিলেন নেইমার

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০২:৫৮ পিএম

বিপর্যস্ত ভেনেজুয়েলা মানুষের জন্য ৩ কোটি টাকা অনুদান দিলেন নেইমার

ফাইল ছবি

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে তিনি জরুরি ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে দুই লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৩ কোটি ৭ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা।

নেইমার এক বার্তায় ভূমিকম্পে প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, তার দেওয়া সহায়তা দুর্গত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে এবং পুনরুদ্ধার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জানা গেছে, অনুদানের অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় বিশুদ্ধ পানীয় জল, খাদ্যসামগ্রী, জরুরি চিকিৎসাসেবা এবং আশ্রয়হীন মানুষের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হবে। উদ্ধারকারী দলগুলোর কার্যক্রমেও এই তহবিল ব্যবহার করা হবে।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত বুধবার ভেনেজুয়েলায় পরপর ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত অন্তত এক হাজার ৪৩০ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন তিন হাজার ২৩৮ জন এবং তিন হাজার ১৪২টি পরিবার তাদের বসতবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে।

ধসে পড়া ভবনের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে এখনও অভিযান অব্যাহত রয়েছে। তবে ঘন ঘন পরাঘাত এবং ভারী উদ্ধারযন্ত্রের স্বল্পতার কারণে উদ্ধারকাজে নানা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।

এদিকে বিভিন্ন দেশও ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক সহায়তার অংশ হিসেবে ভারত জরুরি চিকিৎসাসামগ্রী ও ত্রাণসামগ্রী পাঠিয়েছে, যাতে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া যায়।

অন্যদিকে মাঠের খবরে আশার সঞ্চার করেছেন ব্রাজিল দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানিয়েছেন, চোট কাটিয়ে নেইমারের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ফলে আগামী নকআউট পর্বে জাপানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে আগের তুলনায় বেশি সময় মাঠে দেখা যেতে পারে।

চৌত্রিশ বছর বয়সী এই ফরোয়ার্ড সর্বশেষ গ্রুপ পর্বে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন। সেই ম্যাচে ব্রাজিল তিন গোলে জয় তুলে নিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে। এর মাধ্যমে বিশ্বকাপে দীর্ঘদিন ধরে নিজেদের ধারাবাহিক সাফল্যের রেকর্ডও অক্ষুণ্ন রাখল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!