রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নরওয়ের বিপক্ষে প্রথম জয়ের অপেক্ষায় ব্রাজিল!

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৩:০০ পিএম

নরওয়ের বিপক্ষে প্রথম জয়ের অপেক্ষায় ব্রাজিল!

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের নকআউট পর্বে আত্মবিশ্বাসী ব্রাজিলের সামনে এবার এমন এক প্রতিপক্ষ, যার বিপক্ষে অতীতের পরিসংখ্যান মোটেও স্বস্তিদায়ক নয়। শেষ ষোলোর বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে প্রতিপক্ষ নরওয়ের বিপক্ষে এখন পর্যন্ত একটি ম্যাচেও জয় না পাওয়ার রেকর্ড নতুন করে আলোচনায় উঠে এসেছে।

আগামী ৫ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি শুধু শেষ আটে ওঠার লড়াই নয়, ব্রাজিলের জন্য বহুদিনের একটি অস্বস্তিকর পরিসংখ্যান বদলে দেওয়ারও সুযোগ।

দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস খুব বেশি দীর্ঘ নয়। এখন পর্যন্ত চারবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে তারা। এর মধ্যে দুটি ম্যাচে জয় পেয়েছে নরওয়ে, আর বাকি দুটি শেষ হয়েছে সমতায়। ফলে নরওয়ের বিপক্ষে ব্রাজিল এখনও জয়শূন্য।

প্রথমবার দুই দলের দেখা হয়েছিল ১৯৮৮ সালে একটি প্রীতি ম্যাচে। সেই ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত থাকে। এরপর ১৯৯৭ সালে আরেকটি প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়ে চমক দেখায় নরওয়ে। তবে সবচেয়ে স্মরণীয় জয়টি আসে ১৯৯৮ সালের বিশ্বকাপে। ফ্রান্সে অনুষ্ঠিত সেই আসরের গ্রুপ পর্বে ২-১ গোলে ব্রাজিলকে পরাজিত করে নরওয়ে, যা দেশটির ফুটবল ইতিহাসের অন্যতম গৌরবময় মুহূর্ত হিসেবে বিবেচিত হয়। সর্বশেষ ২০০৬ সালে দুই দলের লড়াইও ১-১ গোলে ড্র হয়।

যদিও অতীতের এই পরিসংখ্যান বর্তমান ব্রাজিল শিবিরকে খুব বেশি বিচলিত করছে না। প্রধান কোচ কার্লো আনচেলত্তির অধীনে দলটি নতুন ছন্দে খেলছে। আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র, ম্যাতেউস কুনিয়া, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও নেইমারের মতো তারকাদের উপস্থিতি প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। শেষ ষোলোতে জাপানের বিপক্ষে জয় তাদের আত্মবিশ্বাস আরও দৃঢ় করেছে।

অন্যদিকে আর্লিং হলান্ডকে কেন্দ্র করে দারুণ ছন্দে রয়েছে নরওয়ে। সাম্প্রতিক সময়ে ধারাবাহিক ভালো পারফরম্যান্সে দলটি নিজেদের শক্ত অবস্থান প্রমাণ করেছে। জাতীয় দলের জার্সিতে হলান্ডের গোলসংখ্যা ৬০-এ পৌঁছানো এবং গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সফলতা নরওয়ের আত্মবিশ্বাসকে আরও উঁচুতে নিয়ে গেছে।

সবকিছু মিলিয়ে ৫ জুলাইয়ের এই লড়াইয়ে বাড়তি উত্তেজনার অন্যতম কারণ ইতিহাস। ব্রাজিল চাইবে দীর্ঘদিনের জয়খরা কাটিয়ে নতুন অধ্যায়ের সূচনা করতে। অন্যদিকে নরওয়ের লক্ষ্য থাকবে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের অপরাজিত রেকর্ড অক্ষুণ্ন রেখে আরও একবার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানো। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত ইতিহাস বদলাবে, নাকি অতীতের ধারাবাহিকতাই বজায় থাকবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!