রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দশ বছরের প্রেমের পর বিয়ে রোনালদোর

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১২, ২০২৬, ০২:৫৩ পিএম

দশ বছরের প্রেমের পর বিয়ে রোনালদোর

ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের অবশেষে আনুষ্ঠানিক পরিণতি ঘটেছে পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের জীবনে। প্রায় এক দশকের সম্পর্কের পর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন এই তারকা জুটি। পর্তুগালের কাসকাইস এলাকায় মঙ্গলবার ব্যক্তিগত পরিসরে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। অনুষ্ঠানে তাদের সন্তানরাও উপস্থিত ছিল।

বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে রোনালদোর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি ছবির মাধ্যমে। ছবিতে দুজনের হাতের ওপর হাত রাখা অবস্থায় দেখা যায় এবং উভয়ের হাতেই বিয়ের আংটি ছিল। ছবির সঙ্গে ভালোবাসার প্রতীকসহ ‘সি’ ও ‘জি’ অক্ষর ব্যবহার করেন রোনালদো। প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই ছবিটি ব্যাপক সাড়া ফেলে।

রোনালদো ও জর্জিনার সম্পর্কের শুরু ২০১৬ সালে স্পেনের মাদ্রিদে। সে সময় একটি অভিজাত পোশাকের প্রতিষ্ঠানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন জর্জিনা। রোনালদো তখন মাদ্রিদে খেলতেন। পরিচয়ের পর ধীরে ধীরে তাদের সম্পর্ক গভীর হয় এবং দীর্ঘ সময় ধরে তারা একসঙ্গে সংসার করে আসছিলেন।

গত বছরের ১১ আগস্ট নিজেদের বাগদানের খবর প্রকাশ করেছিলেন তারা। জর্জিনা তখন আংটির ছবি প্রকাশ করে সম্মতির কথা জানিয়েছিলেন। ঠিক এক বছর পর সেই সম্পর্ক বিয়ের মাধ্যমে নতুন অধ্যায়ে প্রবেশ করল।

এর আগে তাদের বিয়ে নিয়ে নানা জল্পনা তৈরি হলেও এবার নিজেরাই বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। সন্তানদের উপস্থিতিতে ব্যক্তিগত আয়োজনে বিয়ে সম্পন্ন হওয়ায় অনুষ্ঠানটি ছিল বেশ ঘরোয়া ও সীমিত পরিসরের।

ফুটবল মাঠে অসংখ্য সাফল্যের পাশাপাশি ব্যক্তিজীবনেও রোনালদোর এই নতুন অধ্যায় ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। দীর্ঘদিনের সঙ্গীকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার মধ্য দিয়ে তার প্রেমের গল্প পেল আনুষ্ঠানিক পূর্ণতা।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!