রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

‘আমি খুবই খুশি, এটি দারুণ অর্জন’ রেকর্ড গড়ে রোনালদো

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৬, ০৮:২৯ পিএম

‘আমি খুবই খুশি, এটি দারুণ অর্জন’  রেকর্ড গড়ে রোনালদো

সংগৃহীত

৪১ বছর বয়সেও গোলের ধার কমেনি ক্রিস্টিয়ানো রোনালদোর। বরং বয়সকে যেন পেছনে ফেলে একের পর এক নতুন মাইলফলক স্পর্শ করে চলেছেন পর্তুগালের এই তারকা ফুটবলার। আল তাওউনের বিপক্ষে জয়সূচক গোল করে শুধু আল নাসরকে জয়ই এনে দেননি, সৌদি লিগে ক্লাবটির হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি।

শুক্রবার রাতে আল আওয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচে আল তাওউনকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর। শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত দুর্দান্ত প্রত্যাবর্তনে জয় তুলে নেয় স্বাগতিক দল। ম্যাচের ১১ মিনিটে বাসাম আল হুরাইজি গোল করে আল তাওউনকে এগিয়ে দেন। প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সমতা ফেরান সামু কস্তা।

বিরতির পর ম্যাচের ৫০তম মিনিটে আসে রোনালদোর কাঙ্ক্ষিত মুহূর্ত। সতীর্থ মোহাম্মদ সিমাকানের নেওয়া শট গোলমুখে যাচ্ছিল। কাছ থেকে পা ছুঁইয়ে বলের গতিপথ বদলে সেটিকে জালে পাঠান রোনালদো। তাঁর সেই গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় আল নাসর এবং শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে।

এই গোলের মাধ্যমে সৌদি লিগে আল নাসরের হয়ে রোনালদোর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০৪-এ। এর আগে ক্লাবটির হয়ে লিগে সর্বোচ্চ ১০৩ গোলের রেকর্ড ছিল মোহাম্মদ আল সাহলাওয়ির। নতুন মাইলফলক স্পর্শ করে রোনালদো এখন আল নাসরের সৌদি লিগ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।

রেকর্ড গড়ার পর নিজের কৃতিত্ব একার বলে দাবি করেননি রোনালদো। তিনি সতীর্থ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, দলের খেলোয়াড়দের সহযোগিতা ছাড়া এই অর্জন সম্ভব হতো না। ভক্তদের নিয়মিত সমর্থনের কথাও বিশেষভাবে উল্লেখ করেন তিনি।

আল তাওউনের বিপক্ষে এই গোলটি রোনালদোর পেশাদার ফুটবল ক্যারিয়ারের মোট গোলসংখ্যা ৯৭৮-এ নিয়ে গেছে। ফলে বহুল আকাঙ্ক্ষিত এক হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে এখন তাঁর দূরত্ব মাত্র ২২ গোল।

এদিকে জয়টি আল নাসরের জন্যও বিশেষ গুরুত্বপূর্ণ। মৌসুমের প্রথম চার ম্যাচেই জয় তুলে নিয়ে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে দলটি। অর্থাৎ ব্যক্তিগত রেকর্ডের পাশাপাশি দলকেও শিরোপা ধরে রাখার পথে এগিয়ে নিচ্ছেন রোনালদো।

মজার ঘটনাও ঘটেছে গোলের পর। গোল করার পর নিজের পরিচিত উদযাপন করতে কিছুটা দেরি করেন রোনালদো। পরে সতীর্থ সাদিও মানের ইঙ্গিতে তিনি মাঠে ফিরে নিজের সেই বিখ্যাত উদযাপন সম্পন্ন করেন। রেকর্ড, জয় এবং ঐতিহাসিক এক হাজার গোলের দৌড়—সব মিলিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে পর্তুগিজ এই মহাতারকা।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!