প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ০১:২২ পিএম
বাংলাদেশ জাতীয় দলের ব্যস্ত সূচির মধ্যেই এবার ইমার্জিং এশিয়া কাপের নতুন সংস্করণ ‘এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপ’-এ অংশ নিতে কাতারের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ ‘এ’ দল। আজ (বুধবার) সকালে ক্রিকেটাররা ঢাকা ছাড়লেও, ভিসা জটিলতার কারণে দলের সঙ্গে যেতে পারেননি ইয়াসির আলি রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন এবং মৃত্যুঞ্জয় চৌধুরি। ধারণা করা হচ্ছে আগামীকাল তারা কাতারের উদ্দেশ্যে রওনা করবেন।
আগামী ১৪ থেকে ২৩ নভেম্বর কাতারের দোহায় অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা, যা ২০২৪ সাল থেকে ‘লিস্ট এ’ স্বীকৃতিপ্রাপ্ত ইমার্জিং এশিয়া কাপ হিসেবে পরিচিত। এবারের আসরে ৮টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ‘বি’গ্রুপে পাকিস্তান ও ভারত দলের সঙ্গে আছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান।
এই প্রতিযোগিতায় বাংলাদেশসহ ৫টি দেশের ‘এ’ দল অংশ নিলেও আমিরাত, ওমান ও হংকংয়ের জাতীয় দলই খেলবে। কাতারে ১৪–২৩ নভেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। ২১ নভেম্বর দুটি সেমিফাইনাল এবং ২৩ নভেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে।
এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ দল-
জিসান আলম, হাবিবুর রহমান সোহান, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, আকবর আলী (ক্যাপ্টেন), ইয়াসির আলী চৌধুরী, মাহিদুল ইসলাম ভূঁইয়া, রাকিবুল হাসান, এস এম মেহেরব হোসেন, আবু হায়দার রনি, তোফায়েল আহমেদ, স্বাধীন ইসলাম, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।



