প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৬, ০৪:২৭ পিএম
ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে নিজের নামে রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এখন এই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণে রয়েছে এবং তাই এর নাম ‘ট্রাম্প প্রণালি’ রাখা উচিত।
বুধবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে রিপাবলিকান দলের মধ্যবর্তী নির্বাচনী সম্মেলনে দেওয়া বক্তব্যে ট্রাম্প এ কথা বলেন। সেখানে তিনি ইরানের সঙ্গে চলমান যুদ্ধ, জ্বালানির মূল্য এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে কথা বলেন। ট্রাম্পের দাবি, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হলে তেলের দাম কমে যাবে। একই সঙ্গে তিনি দাবি করেন, হরমুজের বাণিজ্যিক চলাচলের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে।
ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিকে এখন থেকে ‘ট্রাম্প প্রণালি’ বলা উচিত। নিজের নামে নামকরণের প্রসঙ্গে তিনি রসিকতা করে বলেন, এই যুদ্ধ থেকে তারও কিছু পাওয়া উচিত।
এর আগে ২ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালির নাম পরিবর্তনের বিষয়টি উত্থাপন করেছিলেন। সেখানে তিনি প্রশ্ন তোলেন, জলপথটির নাম ‘ট্রাম্প প্রণালি’ করা যায় কি না। এবার ডালাসের সমাবেশে বিষয়টি আরও সরাসরি সামনে আনলেন তিনি।
হরমুজ প্রণালি পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে এর কৌশলগত গুরুত্ব অনেক। সাম্প্রতিক সংঘাতের কারণে এ জলপথ ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। বুধবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে যায়।
হরমুজকে ঘিরে সামরিক উত্তেজনার পাশাপাশি জাহাজ চলাচল নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্র পরস্পরের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার মধ্যেই জলপথটির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ আরও তীব্র হয়েছে। ইরান দাবি করেছে, হরমুজের আশপাশে কয়েকটি জাহাজে হামলা চালানো হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রও ইরানি জ্বালানি পরিবহনের ওপর সামরিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
এদিকে ট্রাম্পের নাম পরিবর্তনের প্রবণতা এর আগেও দেখা গেছে। এর আগে তিনি মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ করার উদ্যোগ নিয়েছিলেন। এবার বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথের নাম নিজের নামে করার প্রস্তাব দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন তিনি।
তবে ট্রাম্পের বক্তব্যের অর্থ হরমুজ প্রণালির আন্তর্জাতিক বা ভৌগোলিকভাবে স্বীকৃত নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তিত হয়ে গেছে—এমন নয়। তাঁর বক্তব্যটি মূলত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জলপথটির নাম ‘ট্রাম্প প্রণালি’ হিসেবে ব্যবহারের প্রস্তাব।


