রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সারাদেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ১০:৩৩ এএম

সারাদেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ ঘোষণা

ফাইল ছবি

দাবি আদায় না হওয়ায় আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে সারাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় সারাদেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের উদ্দেশ্যে একটি নোটিশ জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে একইদিন সকালে কমিশন বৃদ্ধি, জরিমানা বন্ধসহ ছয় দফা দাবিতে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় সংগঠনটি।

নোটিশে উল্লেখ করা হয়, আগামী ৮ জানুয়ারি থেকে ন্যায্য দাবিসমূহ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশের সব এলপিজি বিপণন ও সরবরাহ কার্যক্রম স্থগিত থাকবে। পাশাপাশি বিভিন্ন কোম্পানির প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রমও বন্ধ রাখা হবে।

এর আগে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপিজি ব্যবসায়ীরা তাদের দাবিগুলো তুলে ধরেন। সেখানে ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের মাধ্যমে নতুন করে এলপিজি সিলিন্ডারের মূল্য সমন্বয় করতে হবে। একই সঙ্গে প্রশাসনের মাধ্যমে পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধের দাবিও জানানো হয়।

ব্যবসায়ীরা স্পষ্ট করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ থাকবে। পরে সন্ধ্যায় নোটিশের মাধ্যমেও একই ঘোষণা পুনর্ব্যক্ত করা হয়।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!