রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হয়রানির অভিযোগে চবির আরেকজন ছাত্রদল নেতাকে শোকজ 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ১০:২৫ পিএম

হয়রানির অভিযোগে চবির আরেকজন ছাত্রদল নেতাকে শোকজ 

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে হয়রানি, আপত্তিকর ছবি প্রচার ও উত্ত্যক্ত করার অভিযোগে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম উদ্দিনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে সংগঠনটি।

রোববার (২৪ মে) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। অভিযোগ ওঠার প্রায় ২০ দিনের বেশি সময় পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শোকজ নোটিশে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

নোটিশ অনুযায়ী, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ নির্দেশনা দিয়েছেন।

এর আগে চলতি মাসের ৩ মে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযোগপত্র দেন প্রাণিবিদ্যা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক ছাত্রী। অভিযোগে তিনি উল্লেখ করেন, মোহাম্মদ শামীম উদ্দিন দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছেন। এছাড়া তার সম্পর্কে বন্ধুদের কাছে আপত্তিকর ও মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানির চেষ্টা করা হয়েছে।

অভিযোগকারী আরও দাবি করেন, গত ২ মে একটি ভুয়া অ্যাকাউন্ট থেকে তাকে হুমকিমূলক বার্তা পাঠানো হয় এবং ১৮ মে তার নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়া হয়। এসব ঘটনার পেছনেও অভিযুক্তের সম্পৃক্ততা থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।

তবে অভিযোগ অস্বীকার করে মোহাম্মদ শামীম উদ্দিন বলেন, ওই ছাত্রীর সঙ্গে তার তিন বছর আগে সম্পর্ক ছিল, যা পরে ভেঙে যায়। তিনি বলেন, “আমি তাকে কোনো ধরনের হয়রানি করিনি। মেয়েটির সঙ্গে অন্যদেরও সম্পর্ক ছিল, সেখান থেকেও এসব ঘটতে পারে।”

উল্লেখ্য, একই দিনে বান্ধবীকে নিয়ে একটি মেসে যাওয়ার ঘটনায় ‘আপত্তিকর অবস্থায়’ আটক হওয়া শাখা ছাত্রদলের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাকিফ রহমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
 

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!