রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চবিতে শুরু হচ্ছে জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতা 

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুন ২, ২০২৬, ০৭:৫৮ পিএম

চবিতে শুরু হচ্ছে জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতা 

ছবি: প্রতিনিধি

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আগামী ৫ ও ৬ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৪র্থ প্রফেসর ড. খবির উদ্দিন আহমেদ ন্যাশনাল মুট কোর্ট কম্পিটিশন-২০২৬’। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতার এবারের প্রতিপাদ্য বিষয় ‘ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান ল’।

মঙ্গলবার (২ জুন) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় আয়োজক সংগঠন সোসাইটি ফর ক্রিটিক্যাল লিগ্যাল স্টাডিজ (এসসিএলএস)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় দেশের ৪২টি বিশ্ববিদ্যালয়ের ৬৩টি দল লিখিত মেমোরিয়াল জমা দেয়। সেখান থেকে বাছাই করে ১৬টি দলকে মৌখিক পর্বের জন্য নির্বাচিত করা হয়েছে। প্রতিযোগিতাটি প্রিলিমিনারি রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালসহ মোট পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবেন।

আয়োজকরা জানান, আইন শিক্ষার্থীদের গবেষণা, আইনি বিশ্লেষণ, যুক্তি উপস্থাপন এবং আদালতভিত্তিক বিতর্ক দক্ষতা বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন বিচারপতি রেজাউল করিম।

এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন) এ.ই.এম. ইসমাইল হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে এসসিএলএসের চেয়ারম্যান সৌরভ চৌধুরী, সাধারণ সম্পাদক তাওসিফ মুত্তাকী চৌধুরী, মিডিয়া অ্যান্ড করপোরেট ব্র্যান্ডিং হেড সামিহা আফরিন আনজুম, একাডেমিক সম্পাদক নাঈম রশিদ চৌধুরী, সাব-এক্সিকিউটিভ সদস্য অদিতি দাস ও আফরিন মম অর্থী উপস্থিত ছিলেন। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরাও উপস্থিত ছিলেন।

 

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!