প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৮:১৯ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অন্যতম বিতর্ক সংগঠন আইইআর ডিবেটিং ক্লাবের (আইইআরডিসি) চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কেফায়েত উল্লাহ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খন্দকার তানভীন কায়েস।
‘যুক্তির আলোয় মুক্ত মন’ স্লোগানকে ধারণ করে মঙ্গলবার (২৩ জুন) ২২ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও ক্লাবের মডারেটর মুহম্মদ আমির উদ্দীনের অনুমোদনে আগামী এক বছরের জন্য এ কমিটি প্রকাশ করা হয়।
নবনির্বাচিত সভাপতি কেফায়েত উল্লাহ বলেন, “আইইআরডিসি বিতর্ক অঙ্গনে একটি পরিচিত নাম। আমাদের লক্ষ্য থাকবে সংগঠনটির দীর্ঘদিনের গৌরবময় ঐতিহ্যকে ধারণ করে ক্যাম্পাসে নতুন এক বিতার্কিক প্রজন্ম গড়ে তোলা। দক্ষ সংগঠক ও বিতার্কিকদের সমন্বয়ে ইনস্টিটিউটে যুক্তিচর্চার সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতে আমরা কাজ করব।”
সাধারণ সম্পাদক খন্দকার তানভীন কায়েস বলেন, “এই দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের। সভাপতি ও কমিটির সদস্যদের সঙ্গে সমন্বয় করে একটি সুশৃঙ্খল ও গতিশীল সাংগঠনিক কাঠামো গড়ে তোলাই হবে আমাদের প্রধান লক্ষ্য। নতুন বিতার্কিক তৈরি এবং যুক্তিনির্ভর সমাজ গঠনে আমরা কাজ করে যেতে চাই।”
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ তুষার, সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম তারেক, অর্থ সম্পাদক আইয়ুব আলী এবং বিতর্ক সম্পাদক তাহসিন আফরোজ চৌধুরী।
এ ছাড়া দপ্তর সম্পাদক ফাহাদ আল তৌফিক, অনুষ্ঠান সম্পাদক রিদওয়ান উল্যাহ কাফী তানভীর, অনলাইন ও মিডিয়া সম্পাদক আদনান সাকিফ প্রান্ত, লাইব্রেরি ও রিসার্চ সম্পাদক আলিফ নুরাইন এবং সহকারী লাইব্রেরি ও রিসার্চ সম্পাদক মাইশা উদ্দীন রিশতা কমিটিতে স্থান পেয়েছেন।
২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে আইইআর ডিবেটিং ক্লাব নবীন শিক্ষার্থীদের জন্য বিতর্ক কর্মশালা, শিক্ষা বিতর্ক, পাবলিক স্পিকিং, নেতৃত্ব বিকাশ কার্যক্রম এবং আন্তঃবিভাগ ও আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে আসছে। সংগঠনটির সদস্যরা জাতীয় পর্যায়ের বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপসহ নানা সাফল্য অর্জন করেছেন।



