রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চবিতে উদ্বাস্তু সুরক্ষা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন ২৭ জুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৪:৫৭ পিএম

চবিতে উদ্বাস্তু সুরক্ষা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন ২৭ জুন

ছবি: প্রতিনিধি

দক্ষিণ এশিয়ায় উদ্বাস্তু সুরক্ষা, মানবাধিকার এবং আন্তর্জাতিক শরণার্থী আইন নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা ও গবেষণার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইভলভিং রিফিউজি প্রোটেকশন আর্কিটেকচারস ইন সাউথ এশিয়া (আইসারপাসা) ২০২৬’।

বুধবার (২৫ জুন) দুপুর ২টায় চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্মেলনের বিস্তারিত তথ্য তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রকিবা নবী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় উদ্বাস্তু সুরক্ষা ও মানবাধিকার বিষয়ে উচ্চপর্যায়ের অ্যাকাডেমিক ও নীতিগত সংলাপের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে এই সম্মেলন কাজ করবে। পাশাপাশি উদ্বাস্তু ও শরণার্থী আইন গবেষণায় বাংলাদেশকে একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠায়ও এটি ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, সম্মেলনে উদ্বাস্তু সুরক্ষার পরিবর্তনশীল কাঠামো, মানবাধিকার, আন্তর্জাতিক শরণার্থী আইন, আঞ্চলিক সহযোগিতা এবং সমসাময়িক বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে দেশ-বিদেশের শিক্ষাবিদ, গবেষক, বিচারক, আইনজীবী, মানবাধিকার বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

আয়োজক সূত্রে জানা যায়, সম্মেলনের জন্য দেশ-বিদেশ থেকে ২০০টির বেশি গবেষণা-সারসংক্ষেপ জমা পড়ে। এর মধ্যে কঠোর অ্যাকাডেমিক মূল্যায়নের মাধ্যমে ৬৫টি গবেষণাপত্র এবং ২৩টি গবেষণা পোস্টার উপস্থাপনার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে।

সম্মেলনে মোট ১০টি থিম্যাটিক সেশনে উদ্বাস্তু আইন, রাষ্ট্রহীনতা, নারী ও শিশুর সুরক্ষা, মানবিক সহায়তা, নন-রিফাউলমেন্ট নীতি, ডিজিটাল পরিচয় এবং তথ্য সুরক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হায়ার এডুকেশন অ্যাকসেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্টের আওতায় এবং বাংলাদেশ সেন্টার ফর রিফিউজি ল স্টাডিজের সহযোগিতায় আগামী ২৭ জুন (শনিবার) এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. নির্মল কুমার সাহা, অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক ড. আসমা বিনতে শফিক এবং রাশফিয়াতুর রাশফি।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!