চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৮:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি
জাতীয় ছাত্রশক্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক উলফাতুর রহমান রাকিবের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
বুধবার (১ জুলাই) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এসময় জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা “সন্ত্রাস নয়, নিরাপদ ক্যাম্পাস চাই” এবং “সংঘাত নয়, সংলাপ চাই” শীর্ষক ব্যানার নিয়ে প্রতিবাদ জানান।
সমাবেশে জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মো. ইসমাইল বলেন, “ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা দেখেছি, কীভাবে সংঘাত ও হামলার মাধ্যমে শিক্ষার পরিবেশ ব্যাহত করা হয়েছে। আমরা সবসময়ই এর বিরোধিতা করে এসেছি। গতকাল ছাত্রদলের কর্মীদের হামলায় আমাদের সংগঠনের মুখ্য সংগঠক আহত হয়েছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরও আহত হয়েছেন।
আমরা বিশ্ববিদ্যালয়ে একটি সুন্দর শিক্ষার পরিবেশ গড়ে তুলে সৃজনশীল মানুষ তৈরি করতে চাই। কিন্তু নোংরা রাজনৈতিক চর্চার মাধ্যমে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে, যার প্রতিবাদ আমরা জানাই। আমরা শঙ্কিত, এর মাধ্যমে তারা আবারও ছাত্রলীগের রাজনৈতিক সংস্কৃতির দিকে ফিরে যাচ্ছে কি না। আমরা তাদের বলতে চাই আপনারা আসুন সংলাপে বসুন, কিন্তু সংঘাতের পথ বেছে নেবেন না।”
জাতীয় ছাত্রশক্তির মুখ্য সংগঠক উলফাতুর রহমান রাকিব বলেন, “গতকাল রাত ১১টার দিকে ছাত্রদলের এক বড় ভাই আমাকে শাহজালাল হলের সামনে ডেকে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর ছাত্রদলের কর্মীরা আমার ওপর হামলা চালায়। এ ঘটনায় প্রক্টরসহ আরও কয়েকজন আহত হন।
দেশে অন্যায়, অত্যাচার ও বৈষম্য দূর করে একটি সুন্দর পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই গত বছরের জুলাইয়ের এই সময়ে আমরা কয়েকজন একত্রিত হয়েছিলাম। কিন্তু গতকালের হামলার মাধ্যমে তারা আবারও পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলেছে।”
তিনি আরও বলেন, “আপনারা যদি আবারও অতীতের অস্থিতিশীল রাজনৈতিক সংস্কৃতিতে ফিরে যেতে চান, তাহলে আপনাদের অবস্থাও ছাত্রলীগের মতো হতে পারে।”
মাতৃভূমির খবর