রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চবিতে ২৫ একর জমিতে ২৫ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৬, ০২:২৭ পিএম

চবিতে ২৫ একর জমিতে ২৫ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ২৫ একর জমিতে ২৫ হাজার বৃক্ষরোপণের পরিকল্পনার কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।

বুধবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের পাশের খালি জায়গায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, “সবুজে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮৫ শতাংশ এলাকা পাহাড়ি। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজের প্রয়োজনে কিছু গাছ অপসারণ করতে হলেও পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করে আসছি। ইতোমধ্যে ১১ একর জমিতে বৃক্ষরোপণ সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে আরও ১৪ একর জমিতে বৃক্ষরোপণ করা হবে। সব মিলিয়ে ২৫ একর জমিতে ২৫ হাজার গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।”

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের পরিচালক অধ্যাপক ড. মোশাররফ হোসেন, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি এবং সমাজসেবা ও পরিবেশবিষয়ক সম্পাদক তাহসিনা রহমান।

অধ্যাপক ড. মোশাররফ হোসেন বলেন, “আমরা সবসময় পরিবেশ সংরক্ষণে সচেতনভাবে কাজ করে যাচ্ছি। পরিবেশ নিয়ে আমাদের কাজের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর পদকও অর্জন করেছি।”

চাকসুর সমাজসেবা ও পরিবেশবিষয়ক সম্পাদক তাহসিনা রহমান বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি সবুজ ক্যাম্পাস। আমরা চাই না এটি কেবল ইট-পাথরের স্থাপনায় সীমাবদ্ধ থাকুক। পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!