রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চবিতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২, ২০২৬, ১০:১০ পিএম

চবিতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) জাতীয় ছাত্রশক্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রতিরোধ ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের এমপি, বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক নাহিদ ইসলাম।

আলোচনা সভায় নাহিদ ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানকে কেবল ইতিহাস হিসেবে না দেখে বর্তমান সময়ের সঙ্গে প্রাসঙ্গিক করতে হবে। জুলাইয়ের বিপ্লব ও আকাঙ্ক্ষাকে ধারণ করে তা বাস্তবায়নের মূল দায়িত্ব তরুণ সমাজ ও শিক্ষার্থীদের। রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি রাষ্ট্র থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত মৌলিক কাঠামোগত সংস্কার এবং দীর্ঘমেয়াদি ভিশন বাস্তবায়নে কাজ করতে হবে, যাতে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকে।”

অনুষ্ঠানে জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন ক্যাম্পাসে সহিংস ছাত্ররাজনীতির পুনরাবৃত্তি ঘটছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান, রক্তের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক পরিবেশ যেন কোনো সন্ত্রাসী ছাত্রসংগঠন নষ্ট করতে না পারে।”

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক মোজাম্মেল হোসেন বলেন, “রাজনীতিতে সফল হওয়ার জন্য নিজের ওপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে এবং দলীয় বিভক্তি পরিহার করে শক্তিশালী নেতৃত্ব গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠানে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও চবি শাখার নেতাকর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!