চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৬, ০৬:৪১ পিএম
ছবি: প্রতিনিধি
রাষ্ট্র ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কতিপয় শিক্ষকের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উচ্চক্ষমতাসম্পন্ন ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মোয়াজ্জেম হোসেনের স্বাক্ষরিত গণমাধ্যমে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনকে সক্রিয় করার লক্ষ্যে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের সম্পৃক্ততার বিষয়ে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে।
এ ধরনের কর্মকাণ্ড দেশের প্রচলিত আইন, বিচারিক প্রক্রিয়া এবং রাষ্ট্র ও শৃঙ্খলাবিরোধী কার্যকলাপের শামিল উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া এবং বিশ্ববিদ্যালয় ও দেশে অস্থিতিশীলতা সৃষ্টি বা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা গুরুতর শাস্তিযোগ্য অপরাধ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর ৫৫(৩) ধারা এবং চিটাগং ইউনিভার্সিটি এমপ্লয়িজ (ইফিসিয়েন্সি অ্যান্ড ডিসিপ্লিন) স্ট্যাটিউটস অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ড অসদাচরণ ও নৈতিক স্খলন হিসেবে বিবেচিত। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান ও দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ লক্ষ্যে মেরিন সায়েন্সেস ইনস্টিটিউটের ডিন অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেনকে আহ্বায়ক করে একটি উচ্চক্ষমতাসম্পন্ন ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে অভিযোগের বিষয়গুলো যাচাই করে প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখতে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছে।
মাতৃভূমির খবর